গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার কাঠামো নির্ধারণ করা হবে এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই গণমাধ্যমের স্বাধীনতা আরও সুসংহত করা হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্বব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে দেশের গণমাধ্যম কাঠামোকে এখনো পুরোপুরি মানিয়ে নেওয়া সম্ভব হয়নি। তথ্যপ্রযুক্তিভিত্তিক নতুন ধারার গণমাধ্যম দ্রুত প্রসার লাভ করলেও তা ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রয়োজনীয় সমন্বয় যথাযথভাবে গড়ে ওঠেনি বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, তথ্য মন্ত্রণালয় যে সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল তখন প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের বর্তমান বিস্তার ছিল না। ফলে বর্তমান বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে সামগ্রিক ব্যবস্থাপনাকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন। সরকার সেই লক্ষ্যেই কাজ করছে বলে তিনি জানান।
বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে সৃষ্ট মনোমালিন্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনো পূর্ণাঙ্গভাবে অবগত নন। জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে প্রয়োজন হলে আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আর্থিক সহায়তার চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তের হাতে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
Reporter Name 





















