ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। ফলাফল জানার অপেক্ষায় পুরো দেশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের আগে যারা ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন, তারা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
নির্বাচনের ফল দ্রুত ও স্বচ্ছভাবে জানাতে নির্বাচন কমিশন চালু করেছে নতুন মোবাইল অ্যাপ—‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’। এই অ্যাপের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই রিয়েল-টাইম ফলাফল, কেন্দ্রভিত্তিক ভোটের হিসাব এবং বিভিন্ন নির্বাচনী তথ্য জানতে পারবেন।
কীভাবে ব্যবহার করবেন অ্যাপটি?
ডাউনলোড ও ইনস্টল:
অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মে পাওয়া যাবে। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোরে গিয়ে ‘Smart Election Management BD’ লিখে সার্চ করলেই ডাউনলোড করা যাবে। ইনস্টল সম্পন্ন হলে অ্যাপটি খুলে ব্যবহার শুরু করা যাবে।
লগইন (ঐচ্ছিক):
সাধারণভাবে ফলাফল দেখার জন্য লগইনের প্রয়োজন নেই। তবে ব্যক্তিগত ভোটার তথ্য বা ইভিএম সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে লগইন করতে হবে।
নির্বাচন ও কেন্দ্র নির্বাচন:
হোম স্ক্রিন থেকে ‘Election Results’ অপশনে প্রবেশ করে নির্বাচনের ধরন (জাতীয় সংসদ, উপজেলা, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ) নির্বাচন করতে হবে। এরপর নির্দিষ্ট জেলা, আসন বা ওয়ার্ড নির্বাচন করলে সংশ্লিষ্ট তথ্য দেখা যাবে।
লাইভ ফলাফল আপডেট:
প্রতিটি কেন্দ্রের ভোট গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফলাফল সরাসরি অ্যাপে আপলোড করা হবে। সেখানে প্রার্থী ও দলভিত্তিক প্রাপ্ত ভোটসংখ্যা, ব্যবধান এবং শতাংশ দেখা যাবে।
গ্রাফ ও চার্টে উপস্থাপন:
ফলাফল গ্রাফ ও চার্ট আকারে প্রদর্শিত হবে, যাতে প্রার্থী বা দলের অবস্থান সহজেই বোঝা যায়।
নির্বাচন কমিশনের এই উদ্যোগের ফলে ভোটাররা আর টেলিভিশন বা সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নির্ভরশীল থাকবেন না—সরাসরি সরকারি অ্যাপ থেকেই পাওয়া যাবে নির্ভুল ও তাৎক্ষণিক ফলাফল। ফলে ঘরে বসেই ভোটের প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
Reporter Name 



















