ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিনটিকে ‘নতুন বাংলাদেশের জন্মদিন’ হিসেবে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “সারাদিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। আজ থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো।
বৃহস্পতিবার (আজ) সকাল ১০টা ২৬ মিনিটে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, “আজকের এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত আমাদের তাড়া করে ফিরেছে, তা সম্পূর্ণভাবে পরিত্যাগ করলাম। আজ থেকে প্রতিটি পদক্ষেপে আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেলাম।
গণভোটের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “প্রার্থীকে ভোট দেওয়া গুরুত্বপূর্ণ। কিন্তু গণভোট আরও গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সারা বাংলাদেশ পাল্টে যেতে পারে। তাই আমি সকল নাগরিককে আহ্বান জানাচ্ছি—গণভোটে অংশ নিন, নতুন বাংলাদেশ গড়ার এই ঐতিহাসিক প্রক্রিয়ার অংশ হোন।
এ সময় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “এটা আমার জীবনের মহা আনন্দের দিন। আমি বিশ্বাস করি, বাংলাদেশের প্রতিটি মানুষের কাছেই আজ মুক্তির দিন—দুঃস্বপ্নের অবসান এবং নতুন স্বপ্নের সূচনা।
সবশেষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূস বলেন, “সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।” উপস্থিত সাংবাদিকরা পাল্টা ‘ঈদ মোবারক’ জানালে তিনি হেসে একই শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলছে। জামায়াতে ইসলামী মনোনীত এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত রাখা হয়েছে।সা
রাদেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলবে।
Reporter Name 
























