আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম জমা দেওয়ার আগে বাবার কবর জিয়ারত করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মনোনীত প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) সংসদীয় আসন (১৬৭) থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
মনোনয়ন জমার পূর্বে ভৈরবের পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি মরহুম পিতা আলহাজ্ব সিদ্দিক মিয়া–এর কবর জিয়ারত করেন। কবরের সামনে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নিতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন শরীফুল আলম। একপর্যায়ে বাবার কবরস্থানের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি।
এ সময় তিনি আবেগঘন কণ্ঠে বলেন, মরহুম আলহাজ্ব সিদ্দিক মিয়া আমার বাবার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল—আমি যেন মানুষের জন্য কাজ করতে পারি, জনগণের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ যেন তাঁর সেই স্বপ্ন কবুল করেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, বাবার কবর জিয়ারতের মধ্য দিয়েই শরীফুল আলম তাঁর নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। এ সময় দলীয় নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Reporter Name 























