দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে অবশেষে মাতৃভূমিতে ফিরলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।
বিমান থেকে নেমে পরিবার ও দলীয় জ্যেষ্ঠ নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় হঠাৎই এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়—বিমানবন্দরের সামনে তিনি জুতা খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন।
দলীয় সূত্র জানায়, এই ঘটনা কোনো পূর্বপরিকল্পনার অংশ ছিল না। বিমানবন্দর এলাকা ত্যাগের সময় সামনে থাকা একটি ফুল বাগানের ভেতরে হেঁটে যান তারেক রহমান। সেখানে ঘাস ও গাঁদা ফুলের গাছের পাশে দাঁড়িয়ে তিনি জুতা খুলে মাটিতে পা রাখেন। পরে নিচু হয়ে এক মুঠো মাটি হাতে তুলে নিয়ে গভীর মমতায় তা নেড়েচেড়ে দেখেন—যেন দীর্ঘ প্রবাসজীবনের কষ্ট, অপেক্ষা আর প্রত্যাবর্তনের আনন্দ এক মুহূর্তে মিলেমিশে যায়।
দীর্ঘদিন পর দেশের মাটিতে ফিরে এমন আবেগঘন আচরণ উপস্থিত নেতাকর্মীদের মাঝেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। অনেকের চোখে দেখা যায় আনন্দাশ্রু।
দুপুর ১২টা ৩৫ মিনিটে তারেক রহমান একটি বাসে ওঠেন। ওই বাসে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। সেখান থেকে বাসযোগে তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা হন।
Reporter Name 




















