অন্তর্বর্তীকালীন সরকারের নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মন্ত্রীপরিষদের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত মূল হোতাদের গ্রেপ্তারে ব্যর্থতার অভিযোগে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে। এই প্রেক্ষাপটেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনের সিদ্ধান্ত আসতে পারে বলে আলোচনা চলছে। এর অংশ হিসেবে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়ার বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে ঐকমত্য গড়ে উঠেছে বলে জানা গেছে।
তবে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়ছেন না। তিনি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেই দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী-কেও তার বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের তিন দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। সে সময় প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় সাখাওয়াত হোসেন-কে। তবে আওয়ামী লীগের পুনর্বাসন ইস্যুতে দেওয়া বিতর্কিত মন্তব্যের জেরে অল্প সময়ের মধ্যেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পান জাহাঙ্গীর আলম চৌধুরী।
যদিও তার বিরুদ্ধে বড় ধরনের কোনো বিতর্ক ছিল না, তবে সম্প্রতি এক অনুষ্ঠানে সন্ত্রাসীদের গ্রেপ্তার সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আলু-পেঁয়াজের দাম নিয়ে মন্তব্য করেন। বিষয়টি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পরবর্তীতে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, অনুষ্ঠানটি ছিল কৃষি বিষয়ক এবং তিনি কৃষি উপদেষ্টা হিসেবে সে অনুযায়ী উত্তর দিয়েছেন। আইনশৃঙ্খলা বিষয়ে কথা না বলার বিষয়টি আগেই জানানো ছিল বলেও তিনি উল্লেখ করেন। তবুও এই ঘটনাকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবিতে আলটিমেটাম দেওয়া হয়।
বিশ্লেষকদের মতে, স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্রমন্ত্রীর পদটি বরাবরই অত্যন্ত স্পর্শকাতর। অতীতে আওয়ামী লীগের টানা চার মেয়াদে দীর্ঘ সময় এই দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান খান কামাল। তিনি কম কথা বলা ও বেফাঁস মন্তব্য এড়িয়ে চলার কৌশলের জন্য পরিচিত ছিলেন। তবুও নানা সময় তাকে ঘিরেও বিতর্ক সৃষ্টি হয়েছে।
সার্বিকভাবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা ইস্যুতে সরকারের ওপর চাপ বাড়ার মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই রদবদলকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
Reporter Name 






















