উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে আজই রদবদল আনা হচ্ছে। একই সঙ্গে পুলিশের উচ্চ পর্যায়েও পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রাতে সরকারের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী-এর স্থলে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান-কে স্বরাষ্ট্রের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে জানা গেছে।
এ ছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী-কে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে—এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে জোরালো হয়েছে।
সূত্রের দাবি, ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির দাবির মুখেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, আসন্ন নির্বাচন পরিস্থিতি সামনে রেখে পুলিশের শীর্ষ পর্যায়েও বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপর্যায়ে কে কোথায় দায়িত্ব পাচ্ছেন—সে বিষয়ে সরকারি সিদ্ধান্ত আজই প্রকাশ পেতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সব মিলিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে এই রদবদল বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও নির্বাচনকালীন প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Reporter Name 























