রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সবাই উদ্বিগ্ন। দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। আল্লাহ তা’আলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে, আল্লাহ তা’আলা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন।
এদিকে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের যোগ দেয়ার কথা শোনা গেছে। ইতোমধ্যে ৫ সদস্যের একটি প্রাথমিক দল গতকাল সোমবার ঢাকায় এসেছে এবং খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছে, মূল টিম আজ মঙ্গলবার ঢাকায় আসার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এ নিয়ে বিএনপির পক্ষ থেকে কিংবা দায়িত্বশীল কোনো নেতা মন্তব্য করতে চাননি। দলের একটি সূত্রের দাবি, চীনের চিকিৎসকদের আসার কথা। এ বিষয়ে দল থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় সারাদেশে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীর সুস্থতা কামনা করে প্রতিদিনই সারাদেশে মিলাদ-মাহফিল, দোয়া-মোনাজাত, কোরআনখানি, সদকাহ-কোরবানীসহ নানা আয়োজন করছেন নেতাকর্মী-শুভাকাক্সক্ষীগণ। গতকাল ঢাকায় দুইটি খাসি সদকায়ে জারিয়া হিসেবে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। দয়া করে যে যাই বলুক এ ব্যাপারে কারো কথায় কেউ বিভ্রান্ত হবেন না। বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক ম্যাডামের চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। তাদের থেকে যতটুকু জানতে পেরেছি, তার চিকিৎসা চলছে, এটাই আপগ্রেড। আপনারা সবাই দোয়া করুন, আল্লাহ যেন তাকে আমাদের কাছে ফিরিয়ে দেন সুস্থভাবে। চিকিৎসা নিয়ে একেকজন একেক রকম তথ্য ও বক্তব্য দেয়াতে বিভ্রান্তি ও ভুল তথ্য প্রচার হওয়ায় নানারকম গুজব সৃষ্টি হচ্ছে বেগম জিয়াকে নিয়ে। বিষয়টি অনুধাবন দলের চেয়ারপারসনের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কাউকে অপতথ্য প্রচার না করা এবং কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যেকোন তথ্য তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমে উপস্থাপন করবেন বলে জানিয়েছে বিএনপি। এছাড়া অযাচিত, যাচাই-বাছাইহীন ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে দলটি।
জানা যায়, গত কয়েকদিন ধরেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার খারাপ খবর দিচ্ছিলেন চিকিৎসকরা। তাকে নেওয়া হয়েছে সিসিইউতে। গতকাল সোমবার রাত ৮ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির মিডিয়া সেল সূত্র জানায়, হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া।
গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা স্থিতিশীল আছে। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে, এটা সঠিক নয়। কেউ এতে, বিভ্রান্ত হবেন না। বিএনপির চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় দোয়া করার জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব।
দোয়া মাহফিল অব্যাহত
ইতোমধ্যে ঢাকাসহ সারা দেশে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল ও প্রার্থনা সভার আয়োজন করেছে বিএনপি। যা অব্যাহত রয়েছে। স্থানীয় নেতাকর্মীরা গরু, খাসি সদকা করে দোয়া মাহফিল করছেন ও গরিবদের খাওয়াচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিজেদের মতো হাসপাতালে গিয়ে খোঁজ নিয়ে এসেছেন। কোনও কোনও নেতা বিবৃতিতে খালেদা জিয়ার জন্য আশাবাদ ব্যক্ত করেছেন। অনেকেই খোঁজ নিতে এভারকেয়ারের সামনে যাচ্ছেন। গতকাল সোমবার রাজধানীর মোহাম্মদপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাহী কমিটির সদস্য মাহাবুবুল ইসলাম মাহবুব, ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ডা. সরকার মাহবুব আহমেদ শামীম প্রমুখ অংশ নেন। দুইটি খাসি সদকা দিয়েছেন রিজভী। এসময় তিনি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কারও বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সিসিইউতে পূর্বের মতোই বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
এছাড়াও গতকাল খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় বিএফইউজের কাদের গণি চৌধুরী, ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন প্রমুখ উপস্থিত ছিলেন। বাদ জোহর ঢাকার নিউমার্কেট মাদ্রাসাতুন নাজাতে দোয়া মাহফিল ও এতিম বাচ্চাদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
অপতথ্য নিয়ে সতর্ক বিএনপি
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে নানামুখী তথ্য আসায় সতর্ক অবস্থানে রয়েছে বিএনপি। ইতোমধ্যে গত দুইদিনে সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়ায় নানা বক্তব্য বিশ্লেষণ করে কেবলমাত্র খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের উদ্ধৃতি ছাড়া কোনও বক্তব্যই গ্রহণযোগ্য না বলে জানিয়েছে বিএনপি। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মিডিয়াকে তথ্য জানাবেন বলে জানানো হয়। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যেকোনও তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি সার্বক্ষণিক চেয়ারপারসনের পাশে থেকে পর্যবেক্ষণ করছেন।
চীনের মেডিকেল টিম ঢাকায় : বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের ৫ বিশেষজ্ঞ চিকিৎসক গতকাল বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। জানা যায়, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় ৫ সদস্যের চীনের প্রাথমিক মেডিকেল দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। এই বিদেশি চিকিৎসকরা বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে থাকা দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন। মূল চিকিৎসক দল আসবে আজ মঙ্গলবার।
Reporter Name 























