শুক্রবার সকালে ঢাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের পরে রাজধানীতে কিছু ভবন ধসে যাওয়া এবং কিছু ভবনে ফাটল দেখা দেওয়ার খবর পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে আরমানীটোলায় একটি বহুতল ভবন হেলে পড়েছে। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট। এ ছাড়া খিলগাঁও চৌধুরীপাড়া মাটির মসজিদ সংলগ্ন একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের কিছু অংশ ভেঙে টিনশেড বাসার ওপর পড়ে দুইজন গুরুতরভাবে আহত হয়েছে। তাদের মেডিকেলে নেওয়া হয়েছে।
এদিকে রাজধানীর বাড্ডার লিংক রোডে একটি ভবন হেলে পড়েছে। সকাল ১০টা ৫৭ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সার্জেন্ট আনিসুর রহমান নামে এক পুলিশ অফিসারের পোস্ট করা স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে।
বারিধারা ব্লক-এফ, রোড-৫ এ একটি বাসা বাড়িতে আগুনের সংবাদ পাওয়া গেছে। বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে। আগুনটি ভূমিকম্পের জন্য কিনা তা জানা যায়নি।
সূত্রাপুরের স্বামীবাগে আট তলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে। সূত্রাপুর স্টেশন ঘটনাস্থলে গেছে। এ ছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কলাবাগানের আবেদখালী রোড একটি ৭ তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ১টি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে বলে জানা গেছে। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।
Reporter Name 





















