কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করাই বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কর্তব্য।
তিনি আরও বলেন, কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এ কারণেই বিএনপি সরকারের প্রতি কোনো ধরনের চাপ প্রয়োগ না করে বরং ভিন্নমতের জায়গাগুলোতে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে। এটাকেই বিএনপি ‘ডিসেন্ট ওয়ে’ হিসেবে দেখে।
তারেক রহমান সতর্ক করে বলেন, দেশ অস্থিতিশীল হলে পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ তৈরি হবে। ফ্যাসিবাদী রোষানল থেকে রক্ষা পেতে কেউ কেউ যেভাবে পূর্বে গুপ্ত উপায় অবলম্বন করেছিল, বর্তমানে কথিত ফ্যাসিবাদী অপশক্তি একই কৌশল নিয়ে গণতন্ত্রের উত্তরণের পথ বাধাগ্রস্ত করছে কিনা, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোকে বিশেষ দৃষ্টি রাখতে হবে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পালিয়ে যাওয়া অপশক্তি যেন কোনো দলের আড়ালে থেকে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে। গুপ্ত অপশক্তির সেই কৌশল মোকাবিলার একমাত্র উপায় হলো ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখা। তাই বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতার সম্পর্ক সমুন্নত রেখেছে।
সূত্র: ভার্চুয়াল বক্তব্য, হিন্দু প্রতিনিধি সম্মেলন, কেআইবি, ঢাকা।
Reporter Name 























