ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, ইতিমধ্যেই বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে দুই পক্ষ। এই চুক্তি হলে নাকি ভারতীয় পণ্যের আমদানির উপর আমেরিকান শুল্ক ৫০ শতাংশ থেকে কমে ১৫ শতাংশ থেকে ১৬ শতাংশে নেমে আসতে পারে।
এর আগে ভারতে মার্কিন কৃষি এবং দুগ্ধজাত পণ্য বিক্রি নিয়ে দিল্লি-ওয়াশিংটন বিরোধ দেখা দিয়েছিল। এরই সঙ্গে রাশিয়ার থেকে ভারত তেল কেনায় ক্ষুব্ধ ছিল আমেরিকা। এর জেরেই ভারতের পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তবে ভারত সেই শুল্কের সামনে মাথা নত করেনি। বরং রাশিয়ার থেকে তেল কিনে চলেছ। তবে ট্রাম্প গতকাল ফের দাবি করেন, মোদীর সঙ্গে তার কথা হয়েছে এবং ভারত রাশিয়ার থেকে তেল কেনা কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ভারতের মোট তেল আমদানির ৩৪ শতাংশ আসে রাশিয়ার থেকে এবং ১০ শতাংশ (মূল্যের নিরিখে) আসে আমেরিকা থেকে।
এদিকে এই নতুন চুক্তিতে মার্কিন নন-জেনেটিকালি মোডিফায়েড কৃষি পণ্যকে ভারতের মার্কেটে প্রবেশাধিকার দিতে পারে ভারত। রিপোর্টে আরও দাবি করা হয়েছে, রাশিয়ার থেকে তেল কেনাও কমাতে পারে ভারত। আসন্ন আসিয়ান সম্মেলনের ফাকে মোদী এবং ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। সেই বৈঠকেই এই চুক্তি নিয়ে ঘোষণা হতে পারে বলে দাবি করা হয়েছে রিপোর্টে।
এর আগে গতকাল ট্রাম্প জানান, দীপাবলি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয়েছে তার। ট্রাম্প বলেন, ‘আমি ভারতের জনগণকে ভালোবাসি। ভারতের সঙ্গে কিছু দুর্দান্ত চুক্তিতে কাজ করছি… প্রধানমন্ত্রী মোদীর সাথে কথা বলেছি, আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। তিনি রাশিয়া থেকে খুব বেশি তেল কিনবেন না। তিনি রাশিয়া-ইউক্রেনের সাথে যুদ্ধের অবসান দেখতে চান।’ এদিকে ট্রাম্প যখন এই কথা বলছেন, তখন তার ঠিক পাশেই দাঁড়িয়ে আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা।
উল্লেখ্য, এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন, মোদীর সঙ্গে নাকি তার কথা হয়েছিল এবং ভারতের প্রধানমন্ত্রী তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত। ট্রাম্পের সেই দাবির পরই ভারত জানিয়ে দেয়, ট্রাম্পের সঙ্গে মোদীর কোনও কথাই হয়নি। এই আবহে দীপাবলি উপলক্ষে মোদীর সঙ্গে কথা বলার পর নিজের পুরনো দাবিটাই পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প
ট্রাম্প গতকাল আরও বলেন, ‘ভারতের জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আজই আপনার প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। দারুণ কথা হয়েছে। আমরা বাণিজ্য নিয়ে কথা বলেছি… তিনি এতে খুবই আগ্রহী। পাকিস্তানের সাথে যুদ্ধ না করার কথা বলেছি। ভারত-পাকিস্তান যুদ্ধ ইস্যুতে বাণিজ্য জড়িত ছিল, তাই আমি সে বিষয়ে কথা বলতে পেরেছি। পাকিস্তান ও ভারতের সাথে আমাদের কোনও যুদ্ধ নেই। এটা খুবই ভালো একটা ব্যাপার। মোদী একজন মহান ব্যক্তি, এবং তিনি বছরের পর বছর ধরে আমার একজন মহান বন্ধু হয়ে উঠেছেন।’
Reporter Name 

























