আজ শনিবার (০৫ নভেম্বর) ৪৫তম জাতীয় সমবায় দিবস। ‘সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবারের মতো এবারেও সারা দেশে পালিত হচ্ছে সমবায় দিবস। সমবায়ের একটি বিশ্বজনীন চরিত্রও রয়েছে। কারণ ১৯২৩ সাল থেকেই জুলাই মাসের প্রথম শনিবারকে আন্তর্জাতিক সমবায় দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। তারপর ১৯৯৫ সাল থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাব মোতাবেক তা ওই দিন বিশ্ব সমবায় দিবস হিসেবে পালন করা হয়। আর বাংলাদেশে স্বাধীনতার পর পরই অত্যন্ত গুরুত্বের সাথে জাতীয়ভাবে এ দিবস পালিত হয়ে আসছে।
দিবসটি পালন উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ বাণী দিয়ে থাকেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সমবায় একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। একক প্রচেষ্টায় যা করা অসম্ভব, সমবায় পদ্ধতিতে তা সহজেই করা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত টেকসই উন্নয়নের এ কৌশল বর্তমান সরকারের রূপকল্প-২০২১ এবং ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের অন্যতম হাতিয়ার হিসেবে সফলভাবে ব্যবহৃত হতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, সমবায় সমিতি গঠনের মাধ্যমে নতুন উদ্যোক্তারা টেকসই উন্নয়ন নিশ্চিত করে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ভূমিকা রাখবে।
দিবসের তাৎপর্য তুলে ধরে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয় বিশেষ ক্রোড়পত্র। গণমাধমেও দিবসটিকে নিয়ে থাকে বিশেষ বিশেষ কর্মসূচি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতীয়ভাবে ঢাকায়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সমবায়ীদের নিয়ে সমবায়ের মাধমে সুষম উন্নয়ন, সঞ্চয় বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের জন্য সচেতনতা সৃষ্টির জন্য স্থানীয় ও জাতীয় পর্যায়ের জনপ্রতিনিধি ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে দিবসের স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ইত্যাদি নিয়ে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন পর্যায়ে সফল সমবায়ীদের উৎসাহ প্রদানের জন্য পুরস্কৃত করা হয়।
গত বছর ৪৪তম জাতীয় সমবায় দিবসটি নভেম্বর মাসের প্রথম শনিবার হিসেবে ৭ নভেম্বর পালিত হয়েছিল। আর এবারে দিবসটি নভেম্বর মাসের প্রথম শনিবার হিসেবে ৫ নভেম্বর তারিখে পালন করা হচ্ছে। সমবায় আন্দোলনটি ১৯০৪ সালে কৃষকদের সংগঠিত করার মানসে শুরু হলেও বর্তমানে তা কৃষি, মৎস্য, দুগ্ধ, গৃহ ও দারিদ্র্য বিমোচনের সাথেই বেশি সংশ্লিষ্ট। সমবায় কথাটির সাথেই সমতা, একতাবোধ, সমন্বয়, সামষ্টিক ইত্যাদি কিছু ধারণা সামনে চলে আসছে। কবিতা কিংবা জনপ্রিয় কিছু স্লোগান বা শ্লোক, প্রবাদ-প্রবচন রয়েছে সমবায়ের থিমকে উপলব্ধিতে নিয়ে, যেমন- ‘দশে মিলে করি কাজ হারি-জিতি নাহি লাজ’, ‘একতাই বল’, ‘দশের লাঠি একের বোঝা’ ইত্যাদি ইত্যাদি।
Reporter Name 
























