জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি দেশে নতুন সংকট তৈরির শঙ্কা সৃষ্টি করেছে। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৃষ্ট অচলাবস্থার পরিপ্রেক্ষিতে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরো এক মাস বাড়ানো হয়েছে। এ অবস্থায় জাতির আশা-আকাঙ্ক্ষার কাণ্ডারি হিসেবে পথ দেখাচ্ছেন প্রধান উপদেষ্টা। তাঁর দেখানো পথে যদি রাজনৈতিক দলগুলো সমঝোতায় আসতে পারে তাহলেই জুলাই বিপ্লব পৌঁছবে কাঙ্ক্ষিত বন্দরে।
এই সংকট থেকে রাজনৈতিক দলগুলোকে এবং দেশকে রক্ষা করতে গত রবিবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের এই জটিল সংলাপে নীতিনির্ধারণী পথনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। তাঁর ওই বক্তব্য শুধু বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যতের জন্য নয়, এ দেশের জনগণের মুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড, ফ্যাসিবাদ ও তাদের দোসরদের বিচারসহ পাঁচ দাবিতে যুগপৎ আন্দোলনে নামছে জামায়াতে ইসলামীসহ সমমনা ইসলামী দলগুলো।
প্রশ্ন হলো, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা যখন চলমান, তখন এই কর্মসূচি কি আলোচনাকে জটিল করে তুলবে না?
এই প্রশ্নের উত্তর খোঁজার আগে আমাদের জানতে হবে প্রধান উপদেষ্টা গত রবিবার রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে কী বলেছিলেন। ড. ইউনূস বলেছিলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে মহোৎসবে নির্বাচন হবে এবং জাতির সত্যিকার নবজন্ম হবে।
তিনি বলেন, ‘এখান থেকে বের হওয়ার উপায় নেই। যে সমঝোতার রাস্তা শুরু করেছি, তা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। এ সমঝোতায় আসতেই হবে। আমি হয়তো গায়ের জোরে বলছি; কিন্তু কথাটা ফেলে দেওয়ার উপায় নেই। জাতি হিসেবে আমাদের নবযাত্রার সুযোগ ছাত্র-জনতার অভ্যুত্থান দিয়ে গেল, সেটার একমাত্র সমাধান হলো সমঝোতার পথে গিয়ে নতুন বাংলাদেশ তৈরি করা।’
নীতিনির্ধারণী এবং গুরুত্বপূর্ণ ওই ভাষণে তিনি রাজনৈতিক দলগুলোকে এই বলে সতর্ক করেন যে ‘আমরা নানা যুক্তি দিতে পারি। যুক্তির কোনো শেষ নেই। কিন্তু সমাধানের পথে থাকতে হবে। অনেকের মনে হয়তো কষ্ট হবে, কষ্ট হলেও মেনে নিচ্ছি। কিন্তু পরে শান্তি পাবেন, দেশ শান্তি পাবে বলে। কারণ দেশের শান্তি বড় শান্তি। আমরা বিতর্কের মধ্যে থেকে গেলে, সেটা কখন বিস্ফোরিত হবে। বিতর্কের মধ্যে থেকে কে কোনদিকে চালু করে দেবে, এটার কোনো ঠিক নেই।’
ড. ইউনূসের এই বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায়, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ঐক্যে শান্তি আর বিভেদে বিস্ফোরণ। এই বিস্ফোরণ শুধু নির্বাচনকে বানচাল করবে না, আমাদের অস্তিত্ব হুমকির মুখে ফেলবে।
ড. ইউনূস শুধু প্রধান উপদেষ্টা নন। তিনি একজন দূরদর্শী চিন্তাবিদ। একজন নোবেলজয়ী। বিশ্ব শান্তির অগ্রদূত। মনে রাখতে হবে, শান্তিতে নোবেলজয়ী এই বিশ্ববরেণ্য ব্যক্তিত্বকে আমরা সম্মিলিতভাবে বর্তমান দায়িত্ব দিয়েছি। তিনি এই দায়িত্ব নিতে চাননি। কিন্তু দেশের মানুষের জন্য, জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। ড. ইউনূসের দায়িত্ব তাই আর দশজন সরকার প্রধানের মতো নয়। তাঁর প্রধান দায়িত্ব শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার পথনির্দেশ তৈরি করা। নতুন বাংলাদেশ গড়ার নকশা প্রণয়ন করা। এমন একটি বাংলাদেশের সূচনা যেখানে নতুন করে কোনো স্বৈরশাসকের জন্ম হবে না। জনগণের অধিকার হরণ করা হবে না। আর এ কারণেই দায়িত্ব গ্রহণ করে ড. ইউনূস তিনটি অগ্রাধিকার নির্ধারণ করেন। এগুলো হলো—
১. জুলাই গণহত্যার বিচার
২. রাষ্ট্র সংস্কার
৩. নির্বাচন
এই তিনটি কাজ একসঙ্গে করা অত্যন্ত কঠিন। পৃথিবীর কোনো দেশই গণ-অভ্যুত্থানের পর একসঙ্গে এমন ত্রিমুখী উদ্যোগ নিতে পারেনি।
আমরা সবশেষে নেপালের দিকে তাকাতে পারি। বাংলাদেশের তরুণদের গণ-অভ্যুত্থানে উদ্বুদ্ধ হয়ে নেপালের জেন-জিরাও সে দেশের সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু নতুন সরকার ক্ষমতা গ্রহণ করে তাদের স্বপ্ন পূরণের পথে হাঁটল না। নির্বাচনের পথে এগোলো। গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া নেপালের তরুণরা এখন হতাশ। তারা বলছে, আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে। এখানেই ড. ইউনূসের বিচক্ষণতার পরিচয় পাওয়া যায়। তিনি শুধু সরকারপ্রধান হননি, গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেছেন। গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করেছেন। নেপাল পুরনো পথেই হাঁটছে, আর আমরা নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি। তাই আমরা যদি ড. ইউনূসের লক্ষ্য এবং কার্যক্রম সম্পর্কে ওয়াকিবহাল না হই, তাহলে আমরা ঠিকভাবে এগোতে পারব না। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে কিছু রাজনৈতিক দল ড. ইউনূসের চিন্তা ও দর্শন বুঝতে ব্যর্থ হয়েছে। দেশের স্বার্থের চেয়ে তারা দলের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে।
ড. ইউনুস বারবার বলছেন, জুলাই আন্দোলনের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। এর কোনো বিকল্প নেই। জুলাই আন্দোলনের ঐক্য বিনষ্ট হওয়া মানে ফ্যাসিবাদের পুনর্জন্ম। এখন যদি কোনো কোনো রাজনৈতিক দল আন্দোলন শুরু করে, তাহলে পতিত স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে উঠবে। দেশে সৃষ্টি হবে বিশৃঙ্খলা। নির্বাচন বানচাল হলে দেশে আরেকটি অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি হবে।
দেশের পরিস্থিতি এমনিতেই খারাপ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। অর্থনীতি সংকটে। সাধারণ মানুষ উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পরিমণ্ডলের বাংলাদেশকে নিয়ে প্রশ্ন বাড়ছে। এসব বাস্তবতা আমলে নিয়েই প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচনের প্রয়োজনীয়তার কথা বারবার জোর দিয়ে বলেছেন। তিনি বাংলাদেশের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। এ কারণেই রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানাচ্ছেন।
আমাদের একটা কথা উপলব্ধি করতে হবে, ড. ইউনূসের ক্ষমতার লোভ নেই। তিনি যা করছেন তা দেশের মানুষের জন্য, শান্তির জন্য।
রাজনৈতিক দলগুলোর সামনে এখন দুটি বিকল্প। তারা তাদের অনড় অবস্থান থেকে সরে এসে দেশের স্বার্থে জুলাই সনদে স্বাক্ষর করবে। মহা-উৎসবের নির্বাচনে অংশ নেবে।
অথবা তারা নিজেদের ক্ষুদ্র স্বার্থে হানাহানি করে নতুন সংকটের দিকে ঠেলে দেবে বাংলাদেশকে।
রাজনৈতিক দলের নেতাদের প্রতি অনুরোধ, দেশটাকে সংঘাতের পথে ঠেলে দেবেন না। দেশের স্বার্থে ড. ইউনূসের কথা শুনুন। সবাই মিলে আসুন দেশটাকে বাঁচাই ।
Reporter Name 






















