শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি, অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে সঙ্গে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত উন্নয়নটা আমাদের দরকার। কাজেই সেদিকে লক্ষ রেখেই আমাদের পরিকল্পনা নিতে হবে।’
একনেক সভায় অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প, এলজিইডির ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট এবং ঢাকা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন। এ ছাড়া রয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটিং ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন ইনটু সাসটেইনেবল ডেভেলপমেন্ট পাথওয়েজ অব বাংলাদেশ; স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে সুপার স্পেশালাইজড হসপিটাল স্থাপন (দ্বিতীয় সংশোধিত); পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের পিডিবিএফের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প দ্বিতীয় পর্যায়।
বিদ্যুৎ বিভাগের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এলাকার জন্য স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং (দ্বিতীয় পর্যায়); দুর্নীতি দমন কমিশনের প্রস্তাবিত দুদকের খুলনা, রংপুর, রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগীয় কার্যালয়ের নতুন ভবন নির্মাণ এবং ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ; পরিকল্পনা বিভাগের আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট (ইউআরপি); প্রজেক্ট কো-অর্ডিনেশন অ্যান্ড মনিটরিং ইউনিট (পিসিএমইউ) চতুর্থ সংশোধিত প্রকল্প।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চলমান সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রগ্রামের (সেসিপ) (তৃতীয় সংশোধিত) প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়। এর বাইরে সভায় অবগতির জন্য পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রস্তাবিত ২০টি প্রকল্প প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।
Reporter Name 





















