হাওর বার্তা ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ১৩৮ জন নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন। আপিল জমা দেওয়ার দ্বিতীয় দিন গতকাল বুধবার নির্বাচন কমিশনে তারা এ আবেদন জমা দেন। তাদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। এদিন তিনজন বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়েও আপিল করেছেন তিনটি আসনের তিনজন সংসদ সদ্য প্রার্থী। তারা তিনজনই বর্তমানে সংসদ সদস্য। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে স্থাপিত আস্থায়ী বুথে এসব আপিল আবেদন জমা পড়ে। আপিল আবেদন জমা দেওয়া স্বতন্ত্র প্রার্থীদের বেশিরভাগই মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটার স্বাক্ষরের বিধান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
আপিল করার সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার জানান, দ্বিতীয় দিন সর্বমোট ১৪১ জন আপিল করেছেন। এরমধ্যে ১৩৮ জন প্রার্থিতা ফেরত পেতে এবং তিন বৈধ প্রার্থীর (যশোর-৪, বরিশাল-৫ ও ময়মনসিংহ-৫ আসনে) মনোনয়ন বাতিলের জন্য আপিল করেছেন। এর আগের দিন মঙ্গলবার ৪২জন আপিল করেছিলেন। তারা সবাই প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আবেদন করেন। দুইদিনে মোট ১৮০ জন প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন।
মাহাবুবার রহমান বলেন, দুই দিনে স্বতন্ত্র প্রার্থীরাই বেশি আপিল আবেদন করেছেন। যার মধ্যে নির্বাচনি এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত সমর্থন তালিকায় গরমিলের কারণে বেশিরভাগ প্রার্থী বাদ পড়েছে। তিনি বলেন, যদি কোনো প্রার্থী মনে করেন তার প্রতি অবিচার করা হয়েছে তাহলে তিনি কমিশনের কাছে আবেদন করতেই পারেন, সেটি কমিশন খতিয়ে দেখবে। আপিলে স্বতন্ত্র প্রার্থীরা ন্যায়বিচার পাবেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ন্যায়বিচার করার জন্য আপিল গ্রহণ করা হয়েছে। কমিশন ন্যায়বিচার দেয়ার জন্যই এই সুযোগ রেখেছে। প্রার্থীরা যদি আইনানুগভাবে তাদের বিষয়টি উপস্থাপন করতে পারেন অবশ্যই ন্যায়বিচার পাবেন।
গতকাল যারা প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নেত্রকোনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আনোয়ার হোসেনে, চাপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, গাজীপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী এমএম নিয়াজ উদ্দিন, পাবনা-২ আসনে বিএনএম প্রার্থী ডলি সায়ন্তনি, ঢাকা-১০ আসনে খোরশেদ আলম, টিকটকার হিরো আলম প্রমুখ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা হওয়া মনোনয়নপত্র গত ১-৪ ডিসেম্বর যাচাই করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। যাচাইয়ে ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল হয়। ১ হাজার ৯৮৫ জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন তারা। নির্বাচনি আইন অনুযায়ী, প্রার্থিতা বাতিল হওয়া ও বৈধ প্রার্থী- উভয়ের পক্ষে-বিপক্ষে নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে। জমা হওয়া আপির আবেদন আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর শুনানি করে নিষ্পত্তি করতে নির্বাচন কমিশন। আগামী ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে। আর ভোট হবে আগামী ৭ জানুয়ারি।
আরও জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবত সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিল করেছেন বরিশাল-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক। জাহিদ ফারুকের পক্ষে তার মনোনয়নপত্রের সমর্থনকারী কেবিএস আহমেদ নির্বাচন কমিশনে (ইসি) এ আপিল করেন। অপরদিকে যশোর-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রনজিত কুমার রায় এবং ময়মনসিংহের জাতীয় পার্টির সংসদ সদস্য বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিলের জন্য আবেদন করেছেন।
ইসি সূত্র জানায়, দুই দিনে ঢাকা অঞ্চলের আসনগুলোতে সবচেয়ে বেশি আপিল আবেদন পড়েছে। এই অঞ্চলে ২৯ জন প্রার্থী আবেদন করেছেন। রংপুর অঞ্চল থেকে ১৬ জন, রাজশাহী অঞ্চল থেকে ২৬ জন, খুলনা অঞ্চল থেকে ২৬ জন, বরিশাল অঞ্চল থেকে ৮ জন, ময়মনসিংহ অঞ্চল থেকে ২৮ জন, সিলেট অঞ্চল থেকে ৫ জন, ফরিদপুর অঞ্চল থেকে ১১ জন, চট্টগ্রাম অঞ্চল থেকে ১৫ জন এবং কুমিল্লা অঞ্চল থেকে ১৯ জন প্রার্থী আবেদন করেছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, আমি নৌকা প্রতীকের জন্য মনোনয়ন কিনেছিলাম। কিন্তু পাইনি। সে জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। আমার প্রার্থীতা বাতিল হয়ে গেছে এ জন্য যে, সেখানে একটা বিধান আছে- শতকরা একভাগ ভোটারের সম্মতিসূচক তালিকা দিতে হবে। খুব অল্প সময়ের মধ্যে সে তালিকা তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু তারা বলছে দ্বৈবচয়নের ভিত্তিতে- ১০ জনের মধ্যে সাতজনেরটা সঠিক পাওয়া গেছে, আর তিজনেরটার মধ্যে গড়মিল পাওয়া গেছে।
তিনি বলেন, আমি ভাবলাম আমার মতো একজন মানুষ এই ১% ভোটারের সমর্থন নাই। তাহলে এই যে যুক্তিতে সেটা বাতিল করে দেওয়া এটা তো গুরুতর বিষয়। তখনই আমার কাছে মনে হয়েছে যে, স্বতন্ত্র প্রার্থীদের আসলে দূরে রাখা নির্বাচন করতে না দেওয়ার এটাও একটা কৌশল।
সাবেক এই ভিসি আরও বলেন, যাচাই-বাছাই করে প্রার্থীতা যেখানে বাতিল করা হলো তার দুদিন আগে কিন্তু এলাকায় একটা গুজব ছড়িয়ে দেওয়া হলো যে আমার প্রার্থীতা বাতিল হয়ে গেছে। সেটি আমি আমাদের রিটার্নিং অফিসারকে জানিয়েছি। সাথে সাথে মানুষ বুঝে গেছে এবং বলছিল যে এই তো ষড়যন্ত্র করে একজন ভালো মানুষ বাতিল করে দিল।
ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মাসুদ খান বলেন, আমাকে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত সমর্থন তালিকার কারণ দেখিয়ে বাদ দেওয়া হয়েছে। যদিও আমি তালিকায় আরও বেশি ভোটারের স্বাক্ষর দিয়েছি। আমাকে বলা হয়েছে ১০ জন ভোটারকে তারা যাচাই করেছে। যার মধ্যে ৮ জন ভোটার বলেছে তারা স্বাক্ষর করেনি। তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন, এজন্য ভয়ে হইত স্বীকার করেনি। তারা যাচাই করেছে কিনা এটা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।
নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, আমি এক শতাংশ ভোটার স্বাক্ষর তালিকা প্রস্তুত করার পরও ২৫৫ ভোটার বেশি দিয়েছি। ওনারা ১০ জন ভোটারের বাড়িতে গিয়েছিল বলে আমাকে জানিয়েছে। তারা নাকি স্বাক্ষর করার কথা অস্বীকার করেছেন। কিন্তু ওনারা যে ১০ জনের বাড়িতে গেল এটা কেউ জানেন না। আমাকে যদি বলা হয় আমি ২৪ ঘণ্টার মধ্যে ১০ জনকে হাজির করবো। এক শতাংশ ভোটার তালিকা নিয়ে ভাউতাবাজি হচ্ছে। এই প্রথাটি উঠিয়ে দেয়া উচিত বলে আমি মনে করি। তিনি বলেন, ভুঁইফোড় প্রার্থীরা দলীয় মার্কা নিয়ে ভোট করায় তাদের কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। আমি এলাকায় ছিলাম, কেউ তদন্ত করতে যায়নি।
শরীয়তপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম মোস্তফাও একই অভিযোগ করে বলেন, পুলিশ কিংবা প্রশাসন থেকে ভোটারদের ফোন দেওয়া হলে ভোটাররা ভয় পাওয়া স্বাভাবিক। আর সেটি যদি ভোট সংক্রান্ত বিষয় হয়ে থাকে তাহলে আরও ভয় পাবে। এজন্য হয়ত তারা স্বাক্ষর করার বিষয়টি অস্বীকার করেছেন। এছাড়া তারা আসলেই যাচাই করেছেন কিনা সেটি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
Reporter Name 





















