হাওর বার্তা ডেস্কঃ ইউরোপের দুই-তৃতীয়াংশ এক ধরনের খরা সতর্কতার আওতায় রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি সম্ভবত মহাদেশটিতে পাঁচ শ বছরের মধ্যে সবচেয়ে খারাপ খরার ঘটনা।
গ্লোবাল ড্রাউট অবজারভেটরির (বৈশ্বিক খরা পর্যবেক্ষণ কেন্দ্র) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ মহাদেশের ৪৭ শতাংশের জন্য সতর্কতা ঘোষণা করা হয়েছে। এর অর্থ সেখানকার মাটি শুকিয়ে গেছে।
আরো ১৭% এলাকার জন্য সাবধানতা জারি করা হয়েছে। এর অর্থ সেখানে গাছপালার মধ্যে ‘চাপ পড়ার লক্ষণ’ দেখা যাচ্ছে।
প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, শুষ্কতার এই ধারা কৃষি ফলনকে ক্ষতিগ্রস্ত করবে, দাবানল ছড়াবে এবং ইউরোপের দক্ষিণাঞ্চলের কিছু অঞ্চলে আরো কয়েক মাস স্থায়ী হতে পারে।
ইইউর পূর্বাভাস হচ্ছে আগের পাঁচ বছরের গড়ের তুলনায় ভুট্টার ফলন ১৬%, সয়াবিনের ১৫% এবং সূর্যমুখী বীজের ফলন ১২% কম হবে।
খরা পর্যবেক্ষণ কেন্দ্রটি ইউরোপীয় কমিশনের গবেষণা শাখার অংশ। এর প্রতিবেদনের প্রতিক্রিয়ায় কমিশন সতর্ক করে দিয়ে বলেছে, প্রাথমিক তথ্য থেকে ইঙ্গিত পাওয়া যায় বর্তমান খরা সম্ভবত অন্তত ৫০০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ।
রিসার্চ কমিশনার মারিয়া গ্যাব্রিয়েল বলেছেন, চলমান তাপপ্রবাহ এবং পানির ঘাটতি ‘পুরো ইইউতে পানির স্তরের ওপর নজিরবিহীন চাপ সৃষ্টি করেছে’।
‘আমরা বর্তমানে গড়ের চেয়ে বেশি দাবানলের মৌসুম লক্ষ্য করছি। ফসল উৎপাদনের উপরও লক্ষ্যণীয় প্রভাব দেখছি। প্রতি বছর জলবায়ু পরিবর্তন নিঃসন্দেহে আরও বেশি লক্ষণীয় হচ্ছে’, কমিশনার গ্যাব্রিয়েল যোগ করেন।
প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, ইউরোপের প্রায় সব নদীই কিছুটা হলেও শুকিয়ে গেছে।
নৌচলাচলের ওপর সুস্পষ্ট প্রভাব ছাড়াও নদীর শুকিয়ে যাওয়া জ্বালানি খাতের ওপর আঘাত করছে। ইতিমধ্যে জ্বালানি খাত সংকটের মধ্যে রয়েছে। প্রতিবেদন অনুসারে, জলবিদ্যুৎ শক্তি ২০ শতাংশ হারে কমেছে যা উল্লেখযোগ্য। সূত্র: বিবিসি
Reporter Name 
























