হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ান এবং ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে আরেক দফা আলোচনা আজ হতে যাচ্ছে। গতকাল ইউক্রেনের বার্তা সংস্থা জেরকালো নেদেলি এ তথ্য জানিয়েছে। এদিকে, রাশিয়ার বিশাল সামরিক বহর কিয়েভমুখী হবার কারণে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। কিয়েভ থেকে বিবিসির চিফ ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট লিস ডুসেট এ তথ্য জানিয়েছেন। রাশিয়ার সামরিক বহরের এ গতিপথ পর্যবেক্ষণ করছে পুরো বিশ্ব।
ইউক্রেনীয় প্রতিনিধিদলের সূত্রের বরাত দিয়ে গ্লাভকম নামের আরেকটি ইউক্রেনীয় মিডিয়া আউটলেট বৈঠকের প্রথম দফায় দুই পক্ষের দ্বারা অগ্রসর হওয়া শর্তাবলী প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনকে ন্যাটো জোটের বাইরে থাকা নিশ্চিত করতে দেশটির সংসদীয় স্তরে পদক্ষেপ গ্রহণ এবং এ বিষয়ে একটি গণভোট আয়োজনের প্রতিশ্রুতি দেয়ার দাবি করেছে। তাছাড়া, রাশিয়ান পক্ষ ইউক্রেনকে সংশ্লিষ্ট অঞ্চলের প্রশাসনিক সীমানায় ডোনেৎস্ক এবং লুগানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দেয়ার দাবি জানায় এবং ক্রিমিয়াকে ইউক্রেনে ফিরিয়ে দেয়ার দাবি প্রত্যাহার করতে বলে। গ্লাভকমের মতে, ইউক্রেন যুদ্ধবিরতি এবং তার ভূখণ্ড থেকে রাশিয়ান সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
সোমবার রাশিয়া-ইউক্রেনের মধ্যে আলোচনা হয়। পাঁচ ঘণ্টা ধরে আলোচনা চলে। রাশিয়ান প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রেসিডেন্টর সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি, যিনি আগে বলেছিলেন যে, রাশিয়ান প্রতিনিধি দল ইউক্রেনের পক্ষের সাথে কথা বলতে প্রস্তুত ছিল যতক্ষণ না চুক্তিতে পৌঁছানো যায়। তিনি আরো বলেন, প্রতিনিধিদল প্রাথমিকভাবে বেলারুশে পরবর্তী দফা আলোচনার জন্য সম্মত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট
ভলোদিমির জেলেনস্কি গতকাল তার দেশকে ইইউর অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ইউরোপীয় পার্লামেন্টে একটি আবেদন জানিয়েছেন।
এদিকে, খবর পাওয়া যাচ্ছে যে, রাশিয়ার বিশাল সামরিক বহর এগিয়ে আসার পথে আরো বেশি শক্তি সঞ্চয় করছে। রাশিয়ান সেনাবাহিনী কিয়েভের নাগরিকদের বলেছে, তারা ‘অবাধে রাজধানী ছেড়ে চলে যেতে পারে’। কিয়েভ শহরের অনেকে আশঙ্কা করছেন, রাশিয়ার সৈন্যরা ‘মধ্যযুগীয় কায়দায়’ শহরকে অবরোধ করে রাখবে। শহরের বাসিন্দাদের জন্য খাদ্য, পানি এবং জরুরি সরবরাহ বন্ধের আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে রাজধানীর ডিপার্টমেন্টাল স্টোরগুলো পণ্যশূন্য হয়ে গেছে।
Reporter Name 
























