তরুণ সমাজকেই আগামীতে বাংলাদেশের নেতৃত্বে আসতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তরুণদের এগিয়ে নিতে তাই উচ্চশিক্ষার পথ প্রশস্ত করতে হবে।
মঙ্গলবার রাজধানীর ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত প্রথমবারের মতো আইইএলটিএস স্কলারশিপ-২০১৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।
স্পিকার বলেন, বাংলাদেশের তরুণ সমাজকে সামনে এগিয়ে নিতে তাদের জন্য উচ্চশিক্ষার পথ প্রশস্ত করতে হবে। তাদের অগ্রযাত্রা যাতে বাধাগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রেখে তাদেরকে সাধারণ শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তিগত শিক্ষায় সম্পৃক্ত করতে হবে।
বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বেশি বেশি সুযোগ সৃষ্টি করতে ব্রিটিশ কাউন্সিলের প্রতি আহ্বান জানান স্পিকার।
তিনি বলেন, শিক্ষিত জাতি বিনির্মাণে শিক্ষার কোনো বিকল্প নেই। উচ্চশিক্ষার জন্য যে অর্থের প্রয়োজন তা অনেক অভিভাবকের পক্ষে বহন করা সম্ভব নয়। ব্রিটিশ কাউন্সিল মেধাবীদের জন্য এ ধরনের বৃত্তি প্রদানের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের উৎসাহিত করেছে বলে উল্লেখ করেন তিনি।
স্পিকার বলেন, ব্রিটিশ কাউন্সিল শিক্ষা জগতে একটি অতি পরিচিত নাম এবং এ প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী শিক্ষা বিস্তারের সুযোগ সৃষ্টিতে সহায়তা করে যাচ্ছে। ফলে বিশ্বব্যাপী উচ্চশিক্ষা গ্রহণের পথ সুগম হচ্ছে।
তিনি আইইএলটিএস বৃত্তিপ্রাপ্ত চারজনই নারী হওয়ায় সন্তোষ প্রকাশ করে এটিকে বাংলাদেশের নারী অগ্রগতির উল্লেখযোগ্য দিক হিসেবে চিহ্নিত করেন।
ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস বিজনেস ডেভেলপমেন্টের প্রধান কফিল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক।
অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের পরিচালক বারবারা উইকহাম, পরিচালক (পরীক্ষা) দীপ অধিকারী এবং উপ-পরীক্ষা ম্যানেজার নাসরিন সুলতানা বক্তৃতা করেন।
বৃত্তিপ্রাপ্ত চারজন হলেন আদিনা জেরিন খান, সুআইবা আমিনা সালাউদ্দিন, দিপীকা দেব দীপা এবং তাসনিম খন্দকার। তারা প্রধান অতিথির কাছ থেকে বৃত্তির চেক গ্রহণ করেন। উচ্চশিক্ষার জন্য কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যাবেন তারা।
Reporter Name 






















