হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত নভেম্বরে তার ফ্রান্স সফরের ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেছেন, আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদারের বিষয়ে তিনি আশাবাদী। আজ সকালে সরকারি বাসভবন গণভবনে ফ্রান্সের রাষ্ট্রদূত জিন-মারিন শুহ তার সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ অভিমত ব্যাক্ত করেন।
ফরাসি রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স আগামী ফেব্রুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের সভাপতিত্ব নিতে যাচ্ছে এবং একই মাসে এই অঞ্চলের দেশগুলির সাথে একটি ইন্দো-প্যাসিফিক শীর্ষ সম্মেলন করতে চলেছে।
তিনি বলেন, ইন্দো-প্যাসিফিক সামিটে তারা বাংলাদেশকে আমন্ত্রণ জানাবেন। রাষ্ট্রদূত আরও বলেন, ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে একটি যৌথ ইশতেহার স্বাক্ষরিত হয়েছে, যা দেশগুলোর সম্পর্কের অনেক দিককে কভার করেছে।
কোভিড-১৯-এর প্রভাব সম্পর্কে শেখ হাসিনা বলেন, কোভিড-১৯ মহামারির কারণে সব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, আমাদের বিপুল সংখ্যক জনসংখ্যা রয়েছে এবং মহামারী সত্ত্বেও আমরা আমাদের অর্থনৈতিক কার্যক্রমকে এগিয়ে নিয়েছি। প্রধানমন্ত্রী বাংলাদেশে ফরাসি রাষ্ট্রদূতকে তার ফলপ্রসূ কার্যকালের জন্য প্রশংসা করেন এবং বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ককে এগিয়ে নিতে তার গতিশীল ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী আফগানিস্তানে ফ্রান্সের বিশেষ দূত হিসেবে নিয়োগ পাওয়ায় বিদায়ী রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান।
জিন-মারিন শুহ ঢাকায় দায়িত্বপালনকালে সরকারের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত গত বছরে বাংলাদেশের প্রবৃদ্ধির প্রশংসা করে বলেন, মহামারীর সময়েও প্রবৃদ্ধি খুবই তাৎপর্যপূর্ণ ছিল। ফরাসি রাষ্ট্রদূত চট্টগ্রামে অ্যালায়েন্স ফ্রান্সিস সম্প্রসারণ করতে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
Reporter Name 



















