হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলন আহ্বান করেছেন। তিনি এই সংবাদ সম্মেলনে তার সাম্প্রতিক দুই সপ্তাহের বিদেশ সফরের বিষয়ে তথ্য তুলে ধরবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ তথ্য জানান।
৩ নভেম্বর স্কটল্যান্ড থেকে লন্ডন আসেন প্রধানমন্ত্রী। লন্ডনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১ : বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ’ শীর্ষক রোড শো’র উদ্বোধন; লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ভবনের সম্প্রসারিত অংশ উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।
স্কটল্যান্ডের গ্লাসগো এবং লন্ডন সফর শেষে গত ৯ নভেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইটে প্যারিস যান প্রধানমন্ত্রী। প্যারিস বিমানবন্দরে ২১ জন গার্ড শেখ হাসিনাকে স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করে।
সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে যান। এলিসি প্রাসাদ এবং পরে ইনভ্যালিডসে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয় শেখ হাসিনাকে।
সফরকালে প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং প্রধানমন্ত্রী জিন ক্যাসট্যাক্সের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর আমন্ত্রণে তার সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন শেখ হাসিনা। প্যারিস সফরকালে ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস পিস ফোরামের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ইউনেস্কো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতির জন্য ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ বিতরণ অনুষ্ঠানে অংশ নেন শেখ হাসিনা।
Reporter Name 



















