হাওর বার্তা ডেস্কঃ সাইবার হামলা চালিয়ে করোনার টিকা তৈরির পদ্ধতি চুরি করছে রাশিয়া-এমন গুরুতর অভিযোগ তুলল ব্রিটেন, আমেরিকা ও কানাডা। অভিযোগ, পুতিন সরকারের গোয়েন্দা দপ্তরের মদদেই রাশিয়ার দুটি হ্যাকিং গ্রুপ এই হামলা চালাচ্ছে।
তিন দেশের গোয়েন্দা দপ্তরই বৃহস্পতিবার জানিয়েছে, গবেষণার কাজে বাধা দিতে নয়, বরং গবেষণাসংক্রান্ত তথ্য চুরি করতেই বারবার হামলা চালাচ্ছে হ্যাকাররা।
ব্রিটেনের জাতীয় সাইবার সিকিউরিটি সেন্টার জানাচ্ছে, সত্যিই কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, কোনো গবেষকের ব্যক্তিগত গোপন তথ্য চুরি যায়নি।
ওয়াশিংটনই জানিয়েছে, সাইবার হামলার পেছনে রয়েছে ‘কোজি বিয়ার’ এবং ‘ফ্যান্সি বিয়ার’ নামে দু’টি হ্যাকিং গ্রুপ। ২০১৬ সালে মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচনের সময়ে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির কম্পিউটার নেটওয়ার্কে হামলা চালিয়ে অনেক ইমেল নাড়াচাড়া করে দেখেছিল এই ‘কোজি বিয়ার’ গ্রুপটি। তবে সাইবার হামলার বিষয়ে প্রেসিডেন্ট পুতিন আদৌ জানেন কি না, তা স্পষ্ট নয়। তবে অন্য দেশের গবেষণার তথ্য চুরি করে আনতে পারলে পিঠ চাপড়ানি মিলবে, মনে করছেন গোয়েন্দারা।
Reporter Name 

























