হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্যান্য অঞ্চলের মতোই ইন্দোনেশিয়া-মালয়েশিয়ায় সার্জিক্যাল মাস্কের চাহিদা এখন আকাশচুম্বী। বিশাল চাহিদার সুযোগে এ অঞ্চলে মাস্ক চোরাচালানের অবস্থা এখন রমরমা। আকাশ ও পানি উভয় পথেই সমানে চলছে চোরাচালান।
বেশি লাভের আশায় পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়া থেকে মাস্ক পাচার করছে মালয় চোরাকারবারিরা। চলতি সপ্তাহের মাস্কের অন্তত দুটো চালান আটকে দিয়েছে ইন্দোনেশিয়ার পুলিশ। সর্বশেষ বৃহস্পতিবার ১২ হাজার পিস মাস্ক পাচারের চেষ্টাকালে দুই মালয়েশীয়কে হাতেনাতে আটক করা হয়।
এর আগে গত মাসের প্রথম দিকে মাস্কবোঝাই একটি নৌকা আটক করে মেরিন পুলিশ। মাস্কের চাহিদা মেটাতে বাড়িতেই মাস্ক তৈরির পরামর্শ দিচ্ছে থাইল্যান্ড কর্তৃপক্ষ।
বিশ্বজুড়ে করোনা মহামারীর মধ্যে যেভাবেই হোক একটা মাস্ক পাওয়ার জন্য মরিয়া মানুষ। অতিরিক্ত চাহিদার কারণে অনেক দেশেই এখন মাস্ক সংকট চলছে। কিন্তু মাস্ক প্রস্তুতকারী বেশ কয়েকটি দেশ মাস্ক রফতানি নিষিদ্ধ করেছে।
কমবেশি মাস্ক তৈরি করলেও বড় সংকটে পড়েছে মালয়েশিয়া। প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে করোনাভাইরাসে এখন পর্যন্ত ১৪৯ জন আক্রান্ত হয়েছে। নিবিড় পর্যবেক্ষণ শেষে হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ ঘোষণা করেছে ২৬ জনকে যারা ইতিমধ্যে নিজ নিজ বাসায় ফিরেছেন।
বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে একজনের।
এএফপি জানিয়েছে, করোনা পরিস্থিতিতে ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়ায় প্রতিদিন হাজার হাজার পিস মাস্ক পাচার হয়ে যাচ্ছে। এজন্য নদী ও সমুদ্রবন্দরের পাশাপাশি বিমানবন্দরগুলোতে নজরদারি বাড়িয়েছে ইন্দোনেশিয়ার পুলিশ।
বুধবার সুমাত্রার মেদান আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ হাজার মাস্কসহ দুই যুবককে আটক করা হয়। তাদেরকে এখন দেশে পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জোকো উইদোদোর সরকার।
বিশাল এই সংকট মোকাবেলায় থাইল্যান্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ সার্জিক্যাল মাস্কের পরিবর্তে বাসায় তৈরি কাপড়ের মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। থাইল্যান্ডে এ পর্যন্ত ৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
ভাইরাস প্রাদুর্ভাবের কারণে গত মাসে মাস্ক ও স্যানিটাইজার বেচাকেনায় নিয়ন্ত্রণ আরোপ করে কর্তৃপক্ষ। সার্জিক্যাল মাস্কের সংকটের কারণে ইতিমধ্যে থাই কর্তৃপক্ষ দ্রুত পাঁচ কোটি পিস কাপড়ের মাস্ক তৈরি ও দৈশব্যাপী বিতরণের জন্য ৭০ লাখ মার্কিন ডলার বাজেট বরাদ্দ করেছে।
স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক পানপিমন উইপুলাকর্ন জানান, কাশি কিংবা হাঁচির মাধ্যমে ভাইরাস সংক্রমণ থেকে রক্ষায় কাপড়ের মাস্ক যথেষ্ট। তিনি বলেন, ‘কাশি ও হাঁচি থেকে যে পানি বের হয় তার পরিমাণ প্রায় পাঁচ মাইক্রন।
আমরা ইতিমধ্যে পরীক্ষা করে দেখেছি কাপড়ের মাস্ক এক মাইক্রনের চেয়ে বেশি পানির ফোঁটা প্রতিরোধ করতে সক্ষম।’ তিনি অবশ্য প্রতিদিন এই মাস্ক ধোয়ারও পরামর্শ দিয়েছেন।
বাড়িতে বসে কীভাবে মাস্ক বানানো যায় সেই ভিডিও প্রচার করছে থাই কর্তৃপক্ষ। এছাড়া মাস্ক তৈরির জন্য দেশব্যাপী কর্মশালার আয়োজনও করা হয়েছে। এখন পর্যন্ত এ রোগের প্রতিষেধক আবিষ্কার হয়নি। রোগটি প্রতিরোধে ফেস মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হয়। এ রোগকে পুঁজি করে একটি শ্রেণি ফায়দা লোটার চেষ্টা করছে।
এখন বিশ্বজুড়ে আতঙ্কের নাম করোনাভাইরাস। এরই মধ্যে ১১৫টি দেশে ছড়িয়েছে এ মারণভাইরাস। তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। নতুন এ ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে অনেকেই আতঙ্কিত হয়ে খাদ্যসামগ্রী, মাস্ক এবং স্যানিটাইজার মজুদ করছেন। করোনার প্রাদুর্ভাবের কয়েক দিনের মধ্যেই চীনে মাস্কের ঘাটতি দেখা দেয়।
Reporter Name 

























