হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে ভারত সরকার তার দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। তারই পরিপ্রেক্ষিতে ঢাকা-কলকাতা রুটেও বাস চলাচল বন্ধ হচ্ছে শুক্রবার থেকে।
বৃহস্পতিবার বিকেলে শ্যামলী এন আর পরিবহনের মালিক শুভঙ্কর ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার বিকেল ৩টার পর থেকে প্যাসেঞ্জারসহ আর কোনো বাস ভারতের বর্ডার ক্রস করতে পারবে না। তিনি আরো বলেন, ঢাকা-কলকাতা এবং ঢাকা-শিলিগুড়ি রুটের সব গাড়ি এর আওতায় থাকবে।
অগ্রিম টিকিট কাটা বাস যাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, যেসব যাত্রীরা ১২ মার্চের পরে অগ্রিম টিকিট কেটেছিলেন তারা চাইলে কাউন্টারে গিয়ে টিকিট ফেরত দিয়ে টাকা নিতে পারবেন।
এদিকে, ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস এবং খুলনা থেকে কলকাতাগামী বন্ধন এক্সপ্রেস বন্ধের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে রেলের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন।
করোনাভাইরাসের কারণে বিশ্বের সব দেশের নাগরিকদের ভিসা স্থগিত করেছে ভারত সরকার। ১৩ মার্চ রাত ১২টা থেকে শুরু হয়ে এই স্থগিতাদেশ থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত।
Reporter Name 





















