হাওর বার্তা ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস চত্বরে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২৫ বছর বয়সী এক ব্যক্তিকে। তার বিরুদ্ধে অভিযোগ, দূতাবাস চত্বরে সে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে। ধর্ষণের শিকার শিশুর বাবা-মা পুলিশের কাছে অভিযোগ নিয়ে যান। সেই অভিযোগের ভিত্তিতে রোববার গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ধর্ষককে। এ খবর দিয়েছে বিবিসি।
ধর্ষণের ঘটনাটি ঘটে শনিবার সকালে। বর্তমানে ভিকটিমের অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা এরইমধ্যে নিশ্চিত করেছেন যে, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে।
তার পরিবার দূতাবাস এলাকাতেই বাস করেন। তার বাবা সেখানে হাউজকিপিং কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ধর্ষক একজন ড্রাইভার। তবে সে দূতাবাসের কোনো কর্মচারী নয়। অভিযুক্ত ধর্ষকের পরিবার দূতাবাসের মধ্যেই থাকে। সে সূত্রে সেও সেখানে তাদের সঙ্গে একই বাসায় থাকে।
দিল্লির কূটনৈতিক এলাকা চাণক্যপুরিতে রয়েছে মার্কিন ওই দূতাবাসটি। ওই এলাকাটিকে অত্যন্ত নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। এরমধ্যে মার্কিন দূতাবাসটির আয়তন ২৮ একর। সেখানে স্থানীয় নাগরিকরাও কাজ করার সুযোগ পান। তাদের দূতাবাসের মধ্যেই থাকার ব্যবস্থা রয়েছে। পুলিশ জানিয়েছে, ধর্ষণের শিকার মেয়েটির পরিবার ও অভিযুক্তের পরিবার নিজেদেরকে ভালোভাবেই চিনতো। সেখানকার বাসিন্দারা জানিয়েছে, শিশুটি যখন খেলছিলো তখন ওই ব্যক্তি তাকে তার নিজ বাসায় ডেকে নিয়ে যায় ও সেখানেই ধর্ষণ করে। ঘটনার সময় তার পিতা-মাতা বাড়িতে ছিলেন না।
শিশুটি নিজের বাড়িতে এসে তার মায়ের কাছে সব খুলে বলে। তিনি শিশুটিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যান। সেখানেই নিশ্চিত হয় যে, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রমাণিত হলে তার বিরুদ্ধে ভারতের শিশু সুরক্ষা আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ২০১৮ সালে প্রণীত ভারতীয় আইন অনুযায়ী, শিশু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। ভারতের অপরাধ ডাটা অনুযায়ী, দেশটিতে ধর্ষণের শিকার চার জনের একজনই শিশু। আরেক জরিপে জানা যায়, ৯৪ শতাংশ ভিকটিমই তার পরিচিত জনদের হাতে ধর্ষণের শিকার হয়েছেন।
Reporter Name 

























