হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া আওয়ামী লীগের চ্যালেঞ্জ।’ গতকাল শনিবার ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গতকাল সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতারা। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ঘরে ঘরে একজনের চাকরি নিশ্চিত করতে চাই।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দলকে সরকার থেকে আলাদা করার কাজ চলছে। আওয়ামী লীগ মনে করে, দল শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হবে।’
ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘অভিযোগ করাই হলো বিএনপির কাজ। সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে, এটা জেনেও তারা অভিযোগ করছে। ডিজিটাল যুগে ইভিএম ব্যবহারের যৌক্তিকতা রয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতে অনেক বিতর্কের পরও নির্বাচন হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে।’
ওবায়দুল কাদের জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর আপাতত স্থগিত করা হয়েছে। নবগঠিত কমিটির যৌথ সভা ৩ জানুয়ারি ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে অনুষ্ঠিত হবে। ওই দিনই সিদ্ধান্ত হবে টুঙ্গিপাড়া সফর কবে হবে।
Reporter Name 





















