হাওর বার্তা ডেস্কঃ বর্তমানে জাতীয় পার্টির ‘সিনিয়র কো-চেয়ারম্যান’ পদে থাকা সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ দলটির ‘প্রধান পৃষ্ঠপোষক’ হচ্ছেন। আর পার্টির চেয়ারম্যান পদে হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরই বহাল থাকছেন।
এ ছাড়া ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সৈয়দ আবু হোসেন বাবলাসহ কয়েকজন কো-চেয়ারম্যান হচ্ছেন।
জাতীয় পার্টির নবম কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে শুক্রবার দলের প্রেসিডিয়ামের বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে হচ্ছে পার্টির নবম কেন্দ্রীয় কাউন্সিল। সকাল ১০টায় কাউন্সিলের উদ্বোধন করবেন পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
ব্রিফিংয়ে মসিউর রহমান রাঙ্গা বলেন, এবারের মূল পরিবর্তন হচ্ছে, হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিণী রওশন এরশাদ ‘চিফ প্যাট্রন’ (প্রধান পৃষ্ঠপোষক) হিসেবে দায়িত্ব পালন করবেন। দলে ওনার সম্মান থাকবে সর্বোচ্চ। মিটিং বা সাধারণ সভা- সবখানেই ওনার এই সর্বোচ্চ সম্মানটা থাকবে।
সে ক্ষেত্রে ‘চেয়ারম্যান’ আর ‘চিফ প্যাট্রন’ পদের মধ্যে মর্যাদার ভারসাম্য কীভাবে হবে- জবাবে রাঙ্গা বলেন, দলের সর্বক্ষেত্রে রওশন এরশাদের অবস্থান দলের চেয়ারম্যানের ঊর্ধ্বে থাকবে, এটা মাননীয় চেয়ারম্যান বলেছেন।
সর্বশেষ ২০১৬ সালের মার্চে পার্টির অষ্টম কাউন্সিলে হুসেইন মুহম্মদ এরশাদ কো-চেয়ারম্যানের পদ তৈরি করে তাতে ভাই জিএম কাদেরকে আসীন করেন। স্ত্রী রওশন এরশাদ তাতে ক্ষিপ্ত হলে পরে তার জন্য এরশাদ তৈরি করেন সিনিয়র কো-চেয়ারম্যানের পদ। এরশাদ চলতি বছরের ৫ মে তার জিএম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন।
১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ। এর চার দিনের মাথায় বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের নাম ঘোষণা করেন।
এ সময় রওশনপন্থীরা পাল্টা সংবাদ সম্মেলন করে রওশন এরশাদকে দলের চেয়ারম্যান ঘোষণা করে জিএম কাদেরের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনার কথা বলে। পরে দু’পক্ষের সমঝোতা হলে ৮ সেপ্টেম্বর আরেক সংবাদ সম্মেলনে রাঙ্গা জানান, জিএম কাদের পার্টির চেয়ারম্যান হিসেবেই দায়িত্ব পালন করবেন। আর রওশন এরশাদ হবেন সংসদে বিরোধীদলীয় নেতা।
ব্রিফিংয়ে রাঙ্গা আরও বলেন, মাননীয় চেয়ারম্যানের কাছে দলের সর্বোচ্চ ক্ষমতা থাকবে। যত মিটিং হবে, তা তিনি প্রিসাইড করবেন। তবে যেহেতু হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিণী এখনও জীবিত, তাই তিনি যতদিন জীবিত রয়েছেন, তিনি চিফ প্যাট্রন হিসেবে দায়িত্ব পালন করবেন।
জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/ক উপধারায় দলের চেয়ারম্যানকে সর্বময় ক্ষমতার অধিকারী করা হয়েছে। সেই ধারা রদ বা সংশোধনের উদ্যোগ নেয়ার কথা এর আগে জিএম কাদের বললেও রাঙ্গা বলেন, নবম কাউন্সিলে তা হচ্ছে না।
তিনি বলেন, গঠনতন্ত্রের ২০/ক উপধারা প্রয়োগের আগে চেয়ারম্যান দলের কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন।
রাঙ্গা বলেন, একক সিদ্ধান্তে জাতীয় পার্টি চলে না। এখন থেকে দলের সিদ্ধান্ত এককভাবে কেউ দেবে না। দলের প্রেসিডিয়াম ও কো-চেয়ারম্যান যারা আছেন, সবাই মিলে দলের সিদ্ধান্ত দেবেন। মাননীয় চেয়ারম্যানও এককভাবে কোনো সিদ্ধান্ত দিতে চান না।
রওশন এরশাদের নতুন পদ চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্ব আরও বাড়াবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। কোনো কন্ট্রাডিকশন হবে না। চিফ প্যাট্রন, চেয়ারম্যান ও মহাসচিব মিলে যৌথ সিদ্ধান্ত গ্রহণ করবেন।
পার্টির গঠনতন্ত্রে আরও অনেক ধারায় পরিবর্তন আসতে পারে জানিয়ে রাঙ্গা বলেন, প্রেসিডিয়ামের সভায় দলের নেতারা পরিবর্তনের দাবি এনেছেন। পরে পরিবর্তন, সংযোজন, পরিবর্ধনের দায়িত্ব দেয়া হয়েছে চেয়ারম্যানকে। জাতীয় পার্টিতে এখন ৪১ জন প্রেসিডিয়াম সদস্য রয়েছেন। বৈঠকে এই সংখ্যা কমিয়ে আনার পক্ষে মত এসেছে বলে জানান রাঙ্গা।
তিনি বলেন, প্রেসিডিয়ামে সদস্য সংখ্যা কমবে, না বাড়বে সে সিদ্ধান্ত শনিবার দলের নবম কাউন্সিলের পর নেবে জাতীয় পার্টি। তবে কাউন্সিলে ‘চার-পাঁচজনকে’ দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানের পদে আনা হতে পারে।
জাতীয় পার্টির বেশ কয়েকটি সহযোগী সংগঠন কাউন্সিলে অঙ্গসংগঠনের স্বীকৃতি পাবে বলেও জানান পার্টির মহাসচিব। আজ সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের বাইরে খোলা জায়গায় হবে কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠান।
দুপুরে মিলনায়তনের ভেতরে হবে ভোটাভুটি। কাউন্সিলর ও ডেলিগেটদের মৌখিক ভোটে চেয়ারম্যান, কো-চেয়ারম্যান, মহাসচিবসহ গুরুত্বপূর্ণ পদগুলোয় নেতা নির্বাচন করা হবে। জাপার গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছর পরপর কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানের কথা।
শুক্রবার চেয়ারম্যান জিএম কাদেরের সভাপতিত্বে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভাটি অনুষ্ঠিত হয়। সভায় নবম জাতীয় কাউন্সিলে উপস্থাপনের জন্য পার্টির গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়।
গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটির আহ্বায়ক সুনীল শুভ রায় সংশোধনী প্রস্তাবটি উত্থাপন করেন। উপকমিটির অপর দুই সদস্য হলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি ও রেজাউল ইসলাম ভূঁইয়া।
সংশোধনী প্রস্তাবের ওপর বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, গোলাম কিবরিয়া টিপু, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম এমপি, হাবিবুর রহমান, এসএম ফয়সল চিশতি, আজম খান, কাজী মামুনুর রশিদ, আলমগীর সিকদার লোটন।
সভায় উপস্থিত ছিলেন কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আবুল কাশেম, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, হাফিজ উদ্দিন আহমেদ, সাহিদুর রহমান, মুজিবুল হক চুন্নু এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সৈয়দ মো. আবদুল মান্নান, মাসুদ পারভেজ (সোহেল রানা), মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, নাসরিন জাহান রতনা এমপি, আবদুর রশীদ সরকার, মেজর (অব.) খালেদ আখতার, মুজিবর রহমান সেন্টু, ব্যারিস্টার দিলারা খন্দকার, সফিকুল ইসলাম সেন্টু, লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, মোস্তাফিজুর রহমান মোস্তফা, ফখরুজ্জামান জাহাঙ্গীর, মিজানুর রহমান, সৈয়দ দিদার বখ্ত, নাজমা আখতার এমপি, আবদুস সাত্তার মিয়া, এমরান হোসেন মিয়া, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, সেলিম ওসমান এমপি।
সভায় উপস্থিত সংশোধনী প্রস্তাবটি সম্মেলনে উপস্থাপনের জন্য অনুমোদন দেয়া হয়। জাতীয় সম্মেলনে পাস হলে সংশোধনী প্রস্তাব জাতীয় পার্টির গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত হবে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল আজ : জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির নবম কেন্দ্রীয় কাউন্সিল আজ। সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কাউন্সিলের উদ্বোধন করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এবারই প্রথম দলটির কাউন্সিল হতে যাচ্ছে। এর আগে ৮টি কাউন্সিলই হয়েছে এরশাদের জীবদ্দশায় এবং তার উপস্থিতিতে।
সর্বশেষ ২০১৬ সালের ১৪ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির সর্বশেষ কাউন্সিল হয়। এতে দলটির প্রায় ৫০ হাজার কাউন্সিলর ও ডেলিগেটসহ লক্ষাধিক প্রতিনিধি যোগ দেন। জাতীয় পার্টির গঠনতন্ত্রে তিন বছর পরপর কাউন্সিল করার বিধান থাকলেও পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর কারণে ২৮ ডিসেম্বর নবম কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়।
এদিকে কাউন্সিল ঘিরে জমজমাট এখন জাতীয় পার্টির প্রধান দুটি কার্যালয়। বনানীর পার্টি চেয়ারম্যানের কার্যালয়ের পাশাপাশি কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে এখন নেতাকর্মীদের পদচারণায় মুখরিত। ইতিমধ্যে তৃণমূল পর্যায়ের নেতারা কাউন্সিলে যোগ দিতে রাজধানী ঢাকায় সমবেত হয়েছেন।
কাউন্সিল সর্বাত্মকভাবে সফল করতে ঢাকা জেলা জাতীয় পার্টি, জাতীয় মহিলা পার্টি, জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের পাশাপাশি জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় যুব সংহতি, জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় মুক্তিযোদ্ধা পার্টি, জাতীয় ছাত্রসমাজসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করছেন।
Reporter Name 





















