হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের সমুদ্র অপার সম্পদের উৎস। মিয়ানমার এবং ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ মীমাংসার ফলে সমুদ্রের গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে। প্রচুর মৎস্য ও খনিজ সম্পদে ভরপুর আমাদের জলসীমা। অতন্দ্র প্রহরী হিসেবে আপনাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও এর সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে।’
গতকাল রবিবার দুপুরে চট্টগ্রাম নগরের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমি আয়োজিত ‘মিডশিপম্যান-২০১৭ আলফা’ এবং ‘ডাইরেক্ট এন্ট্রি অফিসার-২০১৯ ব্রাভো’ ব্যাচের শিক্ষা সমাপনী উপলক্ষে বিদায়ী ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় প্রয়োজনে নৌবাহিনীর সদস্যরা সিভিল প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উপকূলীয় অঞ্চলে কাজ করে থাকেন। জাতীয় স্বার্থে সহযোগিতার মনোভাব নিয়ে ভবিষ্যতেও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’
প্রশিক্ষণার্থী অফিসারদের উদ্দেশে তিনি বলেন, ‘যে কঠোর প্রশিক্ষণ আপনারা শেষ করছেন, তা উৎকর্ষ অর্জনের সূচনা মাত্র। সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগের মন্ত্রে উজ্জীবিত হয়ে সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে সম্মিলিতভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপনাদের সদা প্রস্তুত থাকতে হবে।’
নৌবাহিনীর গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধকালে নৌ-কমান্ডো গঠনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর সূত্রপাত হয়। আমাদের মুক্তিবাহিনীর দুর্ধর্ষ নৌ-কমান্ডোরা চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দরসহ চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদীবন্দর এলাকায় হামলা চালিয়ে পাকিস্তানি শত্রুবাহিনীর বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ধ্বংস করে দিয়েছিল, যা ইতিহাসে অপারেশন জ্যাকপট নামে পরিচিত।’
প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর প্রায় শূন্য থেকে বঙ্গবন্ধুর প্রচেষ্টায় দুটি পেট্রোল ক্র্যাফট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরপর ১৯৭৪ সালে বঙ্গবন্ধু নৌবাহিনীর সকল প্রধান ঘাঁটিকে একযোগে কমিশন প্রদান করেন। শুধু তা-ই নয়, জাতির পিতা মাত্র সাড়ে তিন বছরেই যুদ্ধবিধ্বস্ত দেশের প্রধান প্রধান সমুদ্র ও নদীবন্দরগুলোকে মেরামত করে ব্যবহার উপযোগী করতে পেরেছিলেন। তিনি দ্য টেরিটরিয়াল ওয়াটারস অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট-১৯৭৪ প্রণয়ন করেছিলেন, যার ফলে আমাদের বিশাল সমুদ্রসীমা অর্জন সম্ভব হয়েছে।’
সরকারপ্রধান বলেন, ‘১৯৯৬ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে নৌবাহিনীকে একটি যুগোপযোগী ও অত্যাধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করি। সে সময় আমরা বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, যুদ্ধজাহাজ সংগ্রহ এবং বিদ্যমান জাহাজগুলোর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করি। ২০০৯ সালে সরকার গঠনের পর আমরা জাতির পিতা প্রণীত প্রতিরক্ষা নীতির আলোকে ফোর্সেস গোল-২০৩০ প্রণয়ন করে এর বাস্তবায়ন শুরু করি।’
সদ্য কমিশনপ্রাপ্তদের মধ্যে মিডশিপম্যান ২০১৭/এ ব্যাচের রাইয়ান রহমান সব বিষয়ে সর্বোচ্চ মান অর্জন করে সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে ‘সোর্ড অব অনার’ লাভ করেন। এ ছাড়া মিডশিপম্যান মো. সাইদিস সাকলাইন মিরান প্রশিক্ষণে দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে ‘নৌপ্রধান স্বর্ণপদক’ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০১৯/বি ব্যাচ থেকে এন্ট্রি সাব-লেফটেন্যান্ট মোহাম্মদ কামরুজ্জামান শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী হিসেবে ‘বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক’ লাভ করেন। প্রধানমন্ত্রী তাঁদের হাতে পুরস্কার তুলে দেন।
এর আগে প্রধানমন্ত্রী শীতকালীন কুচকাওয়াজ পরিদর্শন করেন ও সালাম গ্রহণ করেন। এ কুচকাওয়াজের মধ্য দিয়ে চলতি বছর বাংলাদেশ নৌবাহিনীর ৬১ জন মিডশিপম্যান এবং ১১ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ ৭২ নবীন অফিসার কমিশন লাভ করেছেন।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া, এম এ লতিফ, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও ওয়াসিকা আয়শা খান প্রমুখ উপস্থিত ছিলেন।
Reporter Name 





















