হাওর বার্তা ডেস্কঃ ক্লিন ইমেজ দিতে আওয়ামী লীগে চলমান শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কোনও দূষিত রক্ত থাকবে না আওয়ামী লীগে। দূষিত রক্ত মুক্ত করে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করা হবে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের। এসময় তিনি দলকে ক্লিন ইমেজের পার্টিতে রূপান্তরিত করতে শেখ হাসিনার শুদ্ধি অভিযান সফল করার আহ্বান জানান।
এর আগে মির্জা ফখরুলের দেয়া একটি বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘২০০১ সালে বিএনপি মাইনরিটিদের ওপর যে অত্যাচার করেছে, তা একাত্তরের বর্বরতার সঙ্গে তুলনীয়। একমাত্র শেখ হাসিনার সরকারই মাইনরিটিবান্ধব সরকার।’ হবিগঞ্জ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আবু জাহির। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুল মজিদ খানের পরিচালনায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ ও আহমদ হোসেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমেদ কামরান, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহওয়াজ মিলাদ প্রমুখ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হবিগঞ্জ জেলার নতুন কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির ও সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর নাম ঘোষণা করেন।
Reporter Name 





















