হাওর বার্তা ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, এ বছর এডিস মশা ও ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেলে আতংকিত না হয়ে তা মোকাবেলা করা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে ডেঙ্গুর প্রকোপ যথেষ্ট কমে এসেছে।
শনিবার রাজধানীর বসুন্ধরায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ মিলনায়তনে দৈনিক কালের কণ্ঠ আয়োজিত ‘মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবেলার ‘সক্ষমতা’ বাংলাদেশের আছে। এই সমস্যার সমাধান জনগণ করবে। সরকার এতে নেতৃত্ব দেবে। আতংকিত হওয়ার কিছু নেই। তিনি বলেন, মশক নিয়ন্ত্রণে আমাদের কার্যক্রম বছরব্যাপী অব্যাহত থাকবে। শীঘ্রই ডেঙ্গু পরিস্থিতির আরো উন্নতি হবে বলে আশা করি।
কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আলোচনায় অংশ নেন স্বাস্থ্যসেবা বিভাগের ভারপ্রাপ্ত সচিব হাবিবুর রহমান খান, লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক ড. এবিএম আবদুল্লাহ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদ্বয় প্রমুখ।
গোলটেবিল আলোচনায় বিভিন্ন বক্তা মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা এবং এ বিষয়ে ভবিষ্যতে করণীয় নিয়ে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।
Reporter Name 






















