হাওর বার্তা ডেস্কঃ বাঙালি জাতির জন্য ঐতিহাসিক মাস ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এই মাসে পৃথিবীর বুকে একমাত্র জাতি হিসেবে ভাষার জন্য রক্ত দিয়ে অর্জন করতে হয়েছে ‘বাঙালি জাতি’ হওয়ার অধিকার। দিনটি ছিল ২১ ফেব্রুয়ারি। ভারতীয় উপমহাদেশ ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের নিগড় থেকে আলাদা হয়ে ভারতের পূর্ব ও পশ্চিম অংশ নিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। ‘দ্বিজাতি’ তত্ত্বের মধ্যে দিয়ে গঠিত পাকিস্তানের দুই অংশের মধ্যে এক ধর্ম ছাড়া আর অন্য কোনো মিল ছিল না।
সেই অমিলের তালিকা আরো বেড়ে যায় ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপতি মোহাম্মদ আলী জিন্নাহ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র সমাজে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। তাৎক্ষণিকভাবেই প্রতিক্রিয়া দেখায় সে সময়ে ছাত্র সমাজ।
আন্দোলনে ফুঁসে ওঠে সারা দেশ। বিভিন্ন সময় আন্দোলন চলতে চলতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিলের ডাক দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। আর পূর্ব পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দীন জারি করলেন ১৪৪ ধারা।
সব বাধা ভেঙে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ দাবিতে ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে মিছিল বের করে ছাত্র জনতা। পাকিস্তান সরকারের নির্দেশে সেই মিছিলে নির্মমভাবে গুলিবর্ষণ করে পুলিশ। আর তাতে শহীদ হন সালাম, রফিক, বরকত, শফিক, জব্বারসহ অনেকে
কিন্তু সব বাধা ভেঙে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ দাবিতে ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে মিছিল বের করে ছাত্র জনতা। পাকিস্তান সরকারের নির্দেশে সেই মিছিলে নির্মমভাবে গুলিবর্ষণ করে পুলিশ। আর তাতে শহীদ হন সালাম, রফিক, বরকত, শফিক, জব্বারসহ অনেকে। অহিউল্লাহ নামের ৯ বছরের শিশুও সেই গুলি থেকে রেহাই পায়নি। রক্তে রঞ্জিত হয় রাজপথ। আর এতে আরো বেগমান হয় আন্দোলনের ধারা। নিন্দার ঝড় ওঠে পুরো পাকিস্তানজুড়েই।
এক পর্যায়ে প্রবল আন্দোলনের মুখ নতি স্বীকার করতে বাধ্য হয় পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী। উর্দুর পাশাপাশি বাংলাকে দেওয়া হয় রাষ্ট্রভাষার মর্যাদা।
১৯৫৪ সালের ৭ মে পূর্ব পাকিস্তানের তৎকালীন যুক্তফ্রন্টের উদ্যোগে পাকিস্তানের গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে একটি প্রস্তাব পাস করা হয়। আর ১৯৫৬ সালে পাকিস্তানের সর্বপ্রথম সংবিধান প্রণয়ন করা হলে তাতেও বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সে বছরের ২৬ ফেব্রুয়ারি গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রেখে সংবিধান পাস করা হয়। আর তা কার্যকরী হয় ৩ মার্চ থেকে। আর এর মাধ্যমে মায়ের ভাষায় কথার বলার অধিকারের দাবিতে তমুদ্দিন মজলিসের শুরু করা আন্দোলন সার্থকতা পায়।
Reporter Name 























