হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু জাতির পিতাই নন, তিনি ছিলেন স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা ও বাংলার স্থপতি।
তিনি বলেন, বঙ্গবন্ধু যে বুদ্ধিমত্তার মাধ্যমে এ দেশ স্বাধীন করেছেন, বাঙালি জাতিকে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, আমাদের হাতে একটি লাল সবুজের পতাকা তুলে দিয়েছেন, তিনি যে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন বিশ্বের ইতিহাসে সেটি বিরল ঘটনা।
শুক্রবার শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ৩১তম বিসিএস অ্যাসোসিয়েশনের অর্ধযুগ ফুর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এইচ টি ইমাম বলেন, মানুষ এখন ন্যায়-অন্যায়ের পার্থক্য বুঝে গেছে, বিশেষ করে তরুণ প্রজন্ম এখন অনেক বেশি মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। সদ্য অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রজন্ম ও নারী ভোটারদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ সেটি প্রমাণ করে। তারা দেখলো, বিএনপি জোট যুদ্ধাপরাধীদের সন্তান ও অনুসারীদের হাতে মনোনয়ন তুলে দিয়েছে। ড. কামালও তাদের সাথে অংশ নির্বাচনে অংশ নিয়েছে। নতুন প্রজন্ম তাদের চিনে গেছে এবং ভোটের মাধ্যমে সেটার প্রমাণ দিয়েছে।
তিনি বলেন, যারা এ দেশের মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, এ দেশের মানুষের বিরুদ্ধে অংশ নিয়েছে, এ দেশের স্বাধীনতার বিরুদ্ধে অংশ নিয়েছে তাদের এ দেশে থাকার অধিকার নেই।
এইচ টি ইমাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ দুটি এক ও অভিন্ন বিষয়। এ দুইয়ের একটি বাদ দিয়ে স্বাধীন বাংলাদেশকে ভাবা যায় না। যারা বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক করে তারা আর যাই হোক প্রকৃত দেশপ্রেমিক হতে পারে না।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বঙ্গবন্ধুর হারিয়ে যাওয়া লেখনি ও ডায়েরি উদ্ধারের বিরল কাহিনির বর্ণনা দেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতির শাহরিয়ার কবির বঙ্গবন্ধুর ওপর বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানে দশ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।
Reporter Name 





















