হাওর বার্তা ডেস্কঃ আজ শহীদ আসাদ দিবস। স্বৈরাচার আইয়ুব খানের পতনের দাবিতে মিছিল করার সময় ১৯৬৯ সালের ২০ জানুয়ারি পুলিশের গুলিতে তিনি নিহত হন। আজ তাকে নানা আয়োজনে স্মরণ করা হবে। শহীদ আসাদের ৫০তম শাহাদাতবার্ষিকীতে ‘শহীদ আসাদ দিবস ও ৬৯’র গণঅভ্যুত্থানের ৫০ বছর পালন জাতীয় কমিটি’ আজ সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নির্মিত আসাদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে।
একই সঙ্গে জাতীয় কমিটির পক্ষ থেকে বেলা ১১টায় নরসিংদীর শিবপুরে শহীদ আসাদের কবরেও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এই উপলক্ষে জাতীয় কমিটির পক্ষ থেকে পোস্টার ও স্মরণিকা সুভ্যেনির প্রকাশ করা হয়েছে। জাতীয় কমিটির পক্ষ থেকে ২৪ জানুয়ারি বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক দ্বীপে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শহীদ আসাদ দিবসে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
শহীদ আসাদ ১৯৪২ সালের ১০ জুন নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালে মৃত্যুকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে এম.এ শেষ বর্ষের ছাত্র ছিলেন। শহীদ আসাদ তৎকালীন ঢাকা হল (বতর্মান শহীদুল্লাহ হল) শাখার পূর্ব-পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে এবং পূর্ব-পাকিস্তান ছাত্র ইউনিয়ন, ঢাকা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা দাবির সপক্ষে এবং আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামিদের মুক্তি দাবির আন্দোলনে আসাদের মৃত্যু পরিবেশকে আরও ঘোলাটে করে তুলে ও গুরুত্বপূর্ণ ঘটনায় রূপান্তরিত হয়। যা বাঙালির মুক্তি সংগ্রামকে তরান্বিত করে।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে শহীদ আসাদ সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি স্বাধীনতা পদক পান।
Reporter Name 























