হাওর বার্তা ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজার প্রসঙ্গ উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতিমের টাকা মেরে খেলে তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামীনও দেয়। সেই শাস্তি আজকে খালেদা জিয়া, তারেক রহমান, তারাও পেয়েছে। লজ্জা থাকলে জীবনে আর লুটপাট করবে না, দুর্নীতি করবে না। মানুষের অর্থ-সম্পদ নেবে না। কোর্ট রায় দিয়েছেন, এখানে আমাদের কিছু করার নেই। কিন্তু অন্যায় করলে যে শাস্তি পায় সেটা আজকে প্রমাণিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় শেখ হাসিনা আরো বলেন, এতিমখানার টাকা এসেছে, সে টাকা এতিমের কাছে চলে যাবে, সে টাকা কেন থাকবে? আজকে ধরা পড়ে গেছে, ওই এতিমের টাকা মেরে। কারণ এতিমের টাকা মারা ইসলাম ধর্মও সমর্থন করে না। তিনি বলেন, ক্ষমতায় থাকতে বিএনপির কাজ ছিল অত্যাচার করা, দুর্নীতি করা, মানুষের টাকা লুটপাট করা। খালেদা জিয়ার ছেলে দুর্নীতি করে টাকা পাচার করেছে। আমেরিকার ফেডারেল কোর্ট বলেছে, খালেদা জিয়ার ছেলে দুর্নীতিবাজ। আরো একটা ধরা পড়েছে সিঙ্গাপুরে। সিঙ্গাপুরের কোর্ট শাস্তি দিয়েছে। বাংলাদেশ হিসেবে প্রথম আমরা ওই টাকা ফেরত এনেছি। ক্ষমতায় থাকতে জনগণের সম্পদ লুণ্ঠন করেছে। তারা হত্যা, দুর্নীতি, জনগণের সম্পদ লুটপাট ছাড়া কিছুই জানে না।
এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশাল। সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানসহ পুরো নগরী সাজানো হয় নতুন সাজে। প্রবেশদ্বারগুলোসহ শহরজুড়ে বিভিন্ন স্থানে নির্মাণ করা হয় শত শত তোরণ। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুনের মাধ্যমে বরিশালে স্বাগত জানানো হয় বঙ্গবন্ধু কন্যাকে। জনসভায় উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা জানেন, পদ্মা সেতু যখন বানাতে গিয়েছিলাম ২০০১ সালে ওই খালেদা জিয়া ক্ষমতায় এসে পদ্মা সেতুর কাজ বন্ধ করে দেয়। আমরা ২০০৯ সালে এসে আবার পদ্মা সেতুর কাজ শুরু করি। সে সময় বিশ্বব্যাংক আমার ওপর, আমার সরকারের ওপর, আমার বোনের ওপর অভিযোগ এনেছিল যে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। রাজনীতি করি জনগণের জন্য। আমার বাবা সারাজীবন এ দেশের জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন। তার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, তিনি জীবন দিয়েছেন। তার কন্যা হয়ে জনগণের টাকা আমরা মেরে খাব, চুরি করব, দুর্নীতি করব- এজন্য ক্ষমতায় আসিনি।
শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাংক যখন দুর্নীতির অভিযোগ আনল তখন আমি চ্যালেঞ্জ দিলাম, আমরা দুর্নীতি করিনি, পারলে প্রমাণ করো। আল্লাহর রহমতে প্রমাণ করতে পারেনি। কানাডা ফেডারেল কোর্ট যেখানে মামলা করেছিল, তারা বলে দিয়েছে এখানে কোনো দুর্নীতি হয়নি। আমি কথা দিয়েছিলাম, নিজেদের টাকায় পদ্মা সেতু করব। আজকে আপনাদের দোয়ায় সেই পদ্মা সেতু আমরা নিজেদের অর্থায়নে করে যাচ্ছি।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষ শান্তিতে থাকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ২০০১ সালে চক্রান্ত করে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেয়নি। কারণ আমি গ্যাস বিক্রি করার মুচলেকা দেইনি। খালেদা জিয়া বাংলাদেশের সম্পদ বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় এসে যে অত্যাচার করেছিল, এই বরিশাল এলাকার প্রতিটি জেলা-উপজেলার প্রতিটি মানুষের ওপর অত্যাচার করেছিল।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। ওই লুটপাটকারী, দুর্নীতিবাজ, জঙ্গিবাদ, সন্ত্রাস সৃষ্টিকারী, এতিমের টাকা যারা লুটে খায় তাদের স্থান এই বাংলার মাটিতে হবে না। তারা ক্ষমতায় আসা মানেই দেশকে ধ্বংস করে দেয়া। তাই একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। নিশ্চয়ই আপনারা সেটা নিজেরাই দেখেছেন। আজকে ৯ বছরে বাংলাদেশকে আমরা উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে গেছি, সেই ধারা অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ। আমরা বলি স্বল্প উন্নত দেশ, যেটা জাতির পিতা অর্জন করে দিয়েছিলেন। এখন আমরা এক ধাপ ওপরে উঠব। উন্নয়নশীল দেশ হিসেবে আমরা এগিয়ে যাব। আমাদের এই অঞ্চলে সমস্ত দেশগুলো এখন উন্নয়নশীল। আমরাও ওই স্বল্প উন্নত দেশ আর থাকব না। বাংলাদেশ আর স্বল্প থাকবে না, থাকবে না। বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে যাবে। ইনশাআল্লাহ মার্চ মাস থেকে এটা শুরু হবে। বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা যেভাবে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি, বাংলাদেশকে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠা করব।
এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই বরিশালের ৬ জেলাসহ আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা জনসভায় আসতে শুরু করেন। বিভিন্ন স্থান থেকে লঞ্চ, বাস, ট্রাকসহ বিভিন্ন মাধ্যমে শহরে আসেন তারা। এ সময় ঢাক-ঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে উল্লসিত নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। মাথায় ব্যান্ড ও হাতে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন হাতে তাদের ‘শেখ হাসিনার আগমন শুভেচ্ছা স্বাগতম, শেখ হাসিনা সংসদে আমরা আছি রাজপথে, শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। দুপুরের আগে জনসমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশ শুরু হওয়ার পরে জনতার ঢল সমাবেশ মাঠ ছাড়িয়ে আশপাশের এলাকায় বিস্তৃত হয়। এ ছাড়া বরিশাল শহরের প্রত্যেকটি অলিগলিতেও তখন ছিল মিছিলসহ মানুষের উপস্থিতি।
লাখো মানুষের জনসভায় প্রধানমন্ত্রী তাদের উদ্দেশে বলেন, আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। ৩৯টি প্রকল্প উদ্বোধন করেছি, বিভিন্ন উপজেলায় ৩৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। আওয়ামী লীগের উন্নয়ন, জনগণের কল্যাণ। আওয়ামী লীগ মানে দেশ এগিয়ে যাওয়া। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে বাংলাদেশের উন্নয়ন হয়, দেশের মানুষের উন্নয়ন হয়।
জনসভায় আবারো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি আপনাদের আহ্বান জানাই, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন, আমরা উন্নয়ন করেছি। এই বছর ২০১৮ সালের ডিসেম্বরে আবার নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীদের জয়যুক্ত করবেন। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন।
শেখ হাসিনা বলেন, আমি আপনাদের কাছে ওয়াদা চাই। আমার তো চাওয়া-পাওয়ার কিছু নেই। বাবা-মা সব হারিয়ে, সেই শোক-ব্যথা বুকে নিয়েও আমি কাজ করে যাচ্ছি। কাদের জন্য? বাংলার মানুষের জন্য। কারণ এই মানুষের জন্যই আমার বাবা জীবন দিয়ে গেছেন। আমার মা জীবন দিয়ে গেছেন, আমার ভাইয়েরা জীবন দিয়ে গেছেন। আমি শুধু চাই যে বাংলাদেশের জন্য আমার বাবা জীবন দিয়ে গেছেন, যে বাংলাদেশের জন্য আমি সব স্বজন হারিয়েছি, স্বজন হারানোর বেদনা নিয়েও আজকে আপনাদের পাশে দাঁড়িয়েছি শুধু একটাই কারণে, বাংলাদেশকে যেন আমার বাবার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়তে পারি। তাই আপনাদের সাহায্য, আপনাদের সহযোগিতা চাই। আপনাদের মাঝে আমি ফিরে পেয়েছি আমার হারানো বাবার স্নেহ, হারানো মায়ের স্নেহ, হারানো ভাইয়ের স্নেহ। তাই আজ আপনাদের কাছে আমি ওয়াদা চাই। আপনারা ওয়াদা করেন আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন। আপনারা হাত তুলে ওয়াদা করেন।
শেখ হাসিনা বলেন, আমরা দেশকে সুস্থ ও শান্তিপূর্ণভাবে গড়ে তুলতে চাই। এই বরিশাল বিভাগ সবসময় অবহেলিত ছিল। ভোলায় গ্যাস পাওয়া গেছে, সেই গ্যাস পাইপলাইনে বরিশালকে এনে দেব। যাতে কলকারখানা গড়ে ওঠে। ভোলার গ্যাস খামাখা নেব না, ভোলাকেও কিছু দিচ্ছি আমরা। সেখানে পাওয়ার প্ল্যান্ট করে দেব। বিদ্যুৎও বরিশাল পর্যন্ত আসবে। আর বরিশাল থেকে ভোলায় যাতে যাওয়া যায়, তার জন্য আমরা সেখানে নদীর ওপর সেতুও নির্মাণ করে দেব।
তিনি বলেন, আমরা দেশের উন্নয়নে বিশ্বাস করি, মানুষের কল্যাণে বিশ্বাস করি। বিএনপি কি করেছে আপনারা বলেন? ২০১৫ সাল আপনাদের মনে আছে, ওই খালেদা জিয়া তার অফিসে বসে বলল, আওয়ামী লীগ সরকার উৎখাত না করে সে ঘরে ফিরবে না। আর আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে প্রায় সাড়ে তিন হাজার গাড়ি পোড়াল। পাঁচশ’র কাছাকাছি মানুষ ২০১৩-১৪-১৫ পুড়িয়ে হত্যা করেছিল। তিন হাজারের ওপর মানুষকে আগুনে পুড়িয়ে আহত করেছে। আর লুটপাট, দুর্নীতি। আজকে তিনি কোথায়? মানুষের ওপর অত্যাচার করলে আল্লাহর আরশ কেঁপে যায়। যারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, তার বিচার এমনি হয়। সেই বিচারই হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই মানুষের উন্নয়ন, মানুষের কল্যাণ। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে এ দেশের মানুষ ভালো থাকে। আজকে নব্বইভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশের শতভাগ মানুষ বিদ্যুৎ পাবে। বাংলাদেশের একটা ঘরও অন্ধকার থাকবে না, প্রত্যেক ঘরে ঘরে আমরা বিদ্যুতের আলো দেব। সেইভাবেই আমরা পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছি।
শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। ওয়াদা দিয়েছিলাম যুদ্ধাপরাধীদের বিচার করব, সেই যুদ্ধাপরাধীদের বিচার করেছি। পচাত্তরের পনেরই আগস্টের খুনিদের বিচার করেছি। জাতীয় চার নেতা হত্যার বিচার করেছি। অন্যায়কে আমরা কখনো প্রশ্রয় দিই না। এ সময় বরিশালবাসীর সব দাবি মেনে নেয়ার আশ্বাস দেন তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। জনসভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ প্রমুখ।
‘শেখ হাসিনা ক্যান্টনমেন্ট’ উদ্বোধন: এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে সকাল সোয়া ১১টায় পটুয়াখালী জেলার দুমকি উপজেলার লেবুখালীতে পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত ‘শেখ হাসিনা ক্যান্টনমেন্ট’ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলার দুমকি উপজেলার লেবুখালীতে পায়রা নদীর তীরে ফলক উন্মোচনের মাধ্যমে এই ক্যান্টনমেন্টের উদ্বোধন করেন। তিনি সপ্তম পদাতিক ডিভিশনের বিশেষ সদর দফতরসহ ১১ সদর দফতর এবং ইউনিটে জাতীয় পতাকা উত্তোলন করেন। শেখ হাসিনা একই স্থান থেকে ফলক উন্মোচনের মাধ্যমে পটুয়াখালী জেলায় ১৪টি উন্নয়ন প্রকল্প এবং অন্যান্য প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় সেনাবাহিনী সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে আমাদের রয়েছে সুদৃঢ় পারিবারিক বন্ধন। আমার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামাল মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। দ্বিতীয় ভাই শহীদ লে. শেখ জামাল ১৯৭৫ সালে রয়েল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট্রে নিয়মিত প্রশিক্ষণ শেষে কমিশন লাভ করে সেনাবাহিনীতে যোগ দেন। ছোট ভাই রাসেলেরও ইচ্ছা ছিল বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দেবে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা সবাইকে নির্মমভাবে হত্যা করে। আমি আপনাদের মাঝে আমার হারানো ভাইদের খুঁজে পাই।
মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে সেনাবাহিনীর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনী একাগ্রতা, কর্মদক্ষতা ও নানাবিধ জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য সর্বজনীন গ্রহণযোগ্যতা অর্জন করেছে। যে কোনো দুর্যোগে আর্তমানবতার সেবায় ও জানমাল রক্ষায় সেনাবাহিনীর কর্তব্য ও দায়িত্বশীল ভূমিকায় সবসময় প্রশংসিত হয়ে আসছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তি রক্ষায় বাংলাদেশ একটি ব্র্যান্ড নেম, যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগে দায়িত্বশীলতা ও সহমর্মিতার সঙ্গে দুর্গতদেরর সাহায্য করে সশস্ত্র বাহিনী অনন্য নজির স্থাপন করেছে। মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের সহায়তায় সেনাবাহিনী প্রশংসার সঙ্গে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। যা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করছে।
বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক ও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ দেশপ্রেমিক, পেশাদার সশস্ত্র বাহিনীকে বিশ্বমানের আধুনিক বাহিনীতে উন্নীত করতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। তারই ধারাবাহিকতায় ২০১৬ সালে এ ডিভিশনটি স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করি। আজ সাত পদাতিক ডিভিশনকে পূর্ণতা দেয়ার লক্ষ্যে ডিভিশন সদর দফতর ও দুটি বিগ্রেড সদর দফতরসহ মোট ১১টি ইউনিটের পতাকা উত্তোলিত হলো। সেনাবাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র সংবিধান ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থেকে আভ্যন্তরীণ বা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখার পাশাপাশি জনকল্যাণমূলক কাজে ভবিষ্যতে সেনাবাহিনীকে অধিকতর গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। এ সময় মন্ত্রী, সংসদ সদস্য, তিন বাহিনী প্রধানগণ, কূটনীতিক, সাবেক সেনাবাহিনী প্রধানগণ এবং সিনিয়র সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্রঃ মানবকণ্ঠ
Reporter Name 



















