হাওর বার্তা ডেস্কঃ ছয় বছর পর বরিশালে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা সেনানিবাস উদ্বোধন ছাড়াও বরিশাল মহানগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় ভাষণ দেবেন। সিটি কর্পোরেশন এবং জাতীয় নির্বাচন সামনে রেখে এ সফরকে গুরুত্বপূর্ণ মনে করছে স্থানীয়রা। প্রধানমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সফর সফল করতে চলছে প্রস্তুতি। জনসভাকে মহাসমাবেশে রূপ দিতে মাঠ চষে বেড়াচ্ছেন জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ। সর্বশক্তি নিয়োগ করে কাজে নেমে পড়েছেন তার পুত্র বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। অনেকে বলছেন, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে নিজের জনসমর্থন ও সাংগঠনিক শক্তি জানান দিতে চাচ্ছেন সাদেক। প্রধানমন্ত্রীর সফরকালে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের মনোনয়ন নিশ্চিত করতে চাচ্ছেন সাদেক। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে আশায় বুক বাঁধেছে সাধারণ মানুষও। বলছেন, এলাকার উন্নয়নে শেখ হাসিনা অনেক কিছু দিয়ে যাবেন।
সর্বশেষ ২০১২ সালে বরিশালে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কীর্তনখোলা নদীর ওপর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর উদ্বোধনের সঙ্গে আরও বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং বঙ্গবন্ধু উদ্যানে জনসভা করেছিলেন তিনি। তখন বরিশালের মেয়র ছিলেন মহানগর আওয়ামী লীগের তৎকালীন আহ্বায়ক মরহুম শওকত হোসেন হিরণ। জনসভা সফল না হওয়ার দায় বর্তেছিল তার ঘাড়ে। সে দায়িত্ব হাসানাত আবদুল্লাহর কাঁধে পড়েছে এ দফায়। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে করছেন কঠোর পরিশ্রম। জেলার ১০ উপজেলায় যাচ্ছেন এবং কথা বলছেন দলের নেতাকর্মীদের সঙ্গে। প্রতিদিনই ভিজিট করছেন জনসভাস্থল, দিচ্ছেন নানা দিকনির্দেশনা।
সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, জনসভায় তিন লাখ লোক সমাগমের টার্গেটে কাজ করছেন নেতাকর্মীরা। প্রতিটি উপজেলা থেকে পানি ও সড়কপথে লোক আনার ব্যবস্থা করা হচ্ছে। বাস ও লঞ্চ মালিক সমিতির একাধিক সূত্র বলছে, সমাবেশের দিন বরিশালের যাত্রীবাহী সব বাস হবে বঙ্গবন্ধু উদ্যানমুখী। ঢাকা-বরিশাল রুটের ডবল ডেকার লঞ্চসহ অভ্যন্তরীণ রুটের ছোট ছোট লঞ্চ এবং ট্রুলারেও লোক আসবে জনসভায়। মহানগরীর ৩০টি ওয়ার্ডেও প্রস্তুতি সভা হয়েছে। মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ছাড়াও সভায় উপস্থিত ছিলেন হাসানাত পুত্র মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। মহানগর আওয়ামী লীগের একাধিক নেতা বলেছেন, ‘সিটি কর্পোরেশনের আগামী নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন চাচ্ছেন সাদিক। জনসভাকে সফল করতে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কঠোর পরিশ্রম করছেন।
Reporter Name 






















