হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত ভোটার তালিকা সংসদ সচিবালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। গাইবান্ধা-১ ও ব্রাহ্মণবাড়িয়া-১ শূন্য আসন বাদ দিয়ে বাকি ৩৪৮ জন এমপির নাম রয়েছেন ভোটার তালিকায়। সংসদ সদস্য হিসেবে ভোটারের অনুকূলে বিভক্তি সংখ্যা, ভোটারের নাম ও নির্বাচনী এলাকা উলে¬খ রয়েছে ভোটার তালিকায়। ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এই ভোটার তালিকা সোমবার সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ইসির সহকারী সচিব মো. রাজীব আহসান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর পাঠানো হয়।
এই ভোটার তালিকার ইসির সচিবালয়ের নোটিশ বোর্ডেও টানিয়ে রাখা হয়েছে। গত ২৫ জানুয়ারি এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন এবং ওই তারিখে ভোটার তালিকার গেজেট প্রকাশ করা হয়।
আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ৫ ফেব্রয়ারি মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ৭ ফেব্রুয়ারি যাচাই বাছাইয়ের পর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। আর প্রধান নির্বাচন কমিশনার তাতে নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হলে তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। আর একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট হবে।
ওই আইনের সপ্তম ধারায় বলা হয়েছে- নির্বাচনী কর্মকর্তা নির্ধারিত দিন, সময় ও স্থানে মনোনয়নপত্র পরীক্ষা করবেন। প্রার্থী একজন হলে এবং পরীক্ষায় তার মনোনয়নপত্র বৈধ বিবেচিত হলে কমিশন তাকে নির্বাচিত ঘোষণা করবে। তবে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হলে নির্বাচনের জন্য তাদের নাম ঘোষণা করবে ইসি। একাধিক প্রার্থী হলে ১৮ ফেব্রুয়ারি সংসদের অধিবেশন কক্ষে নির্বাচনী কর্মকর্তা ভোটের আয়োজন করবেন। নির্ধারিত ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নাম লিখে নিজের সই দিয়ে তা জমা দেবেন সাংসদরা।
Reporter Name 






















