হাওর বার্তা ডেস্কঃ বার্ন ও প্লাস্টিক এবং নিউরোলজিস্টদের সমন্বয়ে একদল বিদেশি চিকিৎসক গতকাল বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম হেলাল সাংবাদিকদের জানান, জার্মানি, নেদারল্যান্ড ও হাঙ্গেরি থেকে আসা এই চিকিৎসক দলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে বিনামূল্যে রোগিদের চিকিৎসা সেবা দিচ্ছেন।
প্রেস সচিব হেলাল বলেন, চিকিৎসকরা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান, তারা ডিএমসিএইচ বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ৯৪ জন রোগীকে চিকিৎসা দিয়েছেন। চিকিৎসকরা এ সকল রোগীর মধ্যে ৩৮ জনের অস্ত্রোপচার করেছেন।
প্রধানমন্ত্রী ডিএমসিএইচ বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে বিপুলসংখ্যক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ায় তাদের আন্তরিক ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী স্বাস্থ্য সেক্টরে উন্নয়নে তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
প্রধানমন্ত্রী গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার উল্লেখ করে বলেন, হাসপাতালটি সম্পূর্ণ একটি সেবামূলক প্রতিষ্ঠান এবং ৩০ শতাংশ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।
মালয়েশিয়ার কেপিজি এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে ২০১৩ সালের ১৮ নভেম্বর শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজি বিশেষায়িত হাসপাতালটির যাত্রা শুরু হয়।
স্বাস্থ্যমন্ত্রী মেহাম্মদ নাসিম, শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ন্যাশনাল কো-অর্ডিনেটর ডা. সামন্ত লাল সেন এবং ডিএমসিএইচ বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের চিকিৎসকরাউপস্থিত ছিলেন।
Reporter Name 





















