হাওর বার্তা ডেস্কঃ বন্যা দুর্গতরা নতুন ফসল ঘরে তোলার আগ পর্যন্ত আগামী তিন মাস ত্রাণ সামগ্রী পাবেন বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘প্রত্যেকের কাছেই ত্রাণ সামগ্রী পৌঁছবে। আপনাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং আমাদের ওপর আস্থা রাখতে হবে।’
রোববার (২০ আগস্ট) দিনাজপুর জেলা স্কুলে স্থানীয়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় শেখ হাসিনা বলেন, ‘বন্যা দুর্গতদের নতুন ফসল ঘরে তোলার আগ পর্যন্ত আগামী তিন মাস খাদ্য সাহায্য চলবে। দুর্গতরা সবাই যেন খাদ্য সহায়তা পেতে পারে সেজন্যই এই ব্যবস্থা চালু হচ্ছে এবং এটি অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘বন্যায় ফসলের ক্ষতি হওয়ায় পর্যাপ্ত খাদ্য মজুদ থাকা সত্ত্বেও সতর্কতার অংশ হিসেবে সরকার বিদেশ থেকে খাদ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে।’
বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে নানারকম রোগের প্রাদুর্ভাব দেখা দেয় উল্লেখ করে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকলকে এই বিষয়টি খেয়াল রাখার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বন্যায় অনেক রাস্তা-ঘাট নষ্ট হয়েছে। রেল লাইনে পানি ঢুকে গিয়েছিল, আমাদের বিভিন্ন মন্ত্রণালয় যেমন সড়ক এবং সেতু মন্ত্রণালয় এবং আমাদের এলজিইডি, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় আগে থেকেই তৈরি হয়ে আছে। বন্যার পানি নেমে গেলেই রাস্তা মেরামতের কাজ ইনশাল্লাহ আমরা শুরু করে দেব।’
ভেঙে যাওয়া বাঁধ সংস্কারে সেনাবাহিনী এবং প্রশাসন, পুলিশ বাহিনী, অনসার-ভিডিপির সদসদের নিয়োজিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতৃবৃন্দও বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে বন্যা দুর্গত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন।’
এর আগে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের জন্য বিমানবাহিনীর একটি হেলিকাপ্টারে প্রধানমন্ত্রী সকালে দিনাজপুরে পৌঁছেন। পরে দিনাজপুর জেলা সদরের দিনাজপুর জেলা স্কুল এবং বিরল উপজেলার তেঘাড়া হাই স্কুল ত্রাণ শিবিরে স্থানীয়দের মাছে ত্রাণ সমাগ্রী বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, হুইপ ইকবালুর রহিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বক্তৃতা করেন।
এছাড়া পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
Reporter Name 





















