হাওর বার্তা ডেস্কঃ বন্যায় পানিবন্দি লাখ লাখ মানুষ এখন মানবেতর জীবনযাপন করছে। খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্কটে তারা এখন দিশেহারা। যদিও সরকারি সহায়তায় দুর্গত বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে; তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বৃহস্পতিবার মধ্যাঞ্চলের কয়েকটি জেলায় বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার হেক্টর ফসলি জমি ও মাছের ঘের। বৃহস্পতিবার দুইটি জেলায় নতুন করে হাজারো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা ও বগুড়ায় পানি কমতে শুরু করেছে। অপরদিকে দক্ষিণ-মধ্যাঞ্চলীয় মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মুন্সীগঞ্জ ও শরীয়তপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে। গঙ্গা অববাহিকার পানি বৃদ্ধি পেলেও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া মধ্যাঞ্চলে ঢাকার চতুর্দিকের পাঁচটি নদীর পানি বিপদসীমার ২৮ থেকে ১২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত সর্বশেষ বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে বলা হয়, দেশের উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র-যমুনার পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাবে। তিস্তা-ধরলা-দুধকুমার অববাহিকায় নদীর পানি হ্রাস অব্যাহত রয়েছে। এ অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকবে। এদিকে উত্তরাঞ্চলে বন্যাকবলিত এলাকাগুলোতে সেনাবাহিনী প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রেখেছে। সেনাবাহিনী বুধবার ২ হাজার মানুষের মাঝে রান্না করা খাবার পরিবেশন করেছে। পাশাপাশি সেনাবাহিনীর মেডিকেল টিম এখন পর্যন্ত বন্যায় আক্রান্ত ১২ শতাধিক অসুস্থ মানুষকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়েছে। ব্যুরো ও সংবাদদাতাদের পাঠানো খবর—
জামালপুর : জামালপুরে পানি কিছুটা কমতে শুরু করায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১৩৪ সেন্টিমিটার থেকে কমে বিপদসীমার ১২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরপরও প্রায় ৬ লাখ মানুষ পানিবন্দি রয়েছে, ৮০০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যায় জেলার ৭টি উপজেলার ৫৫টি ইউনিয়ন ও ৫টি পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি মানুষ বাড়িঘর ছেড়ে নৌকা, আশ্রয় কেন্দ্র, বাঁধ, কলাগাছের ভেলা ও উঁচু স্থানে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেক স্থানে বানভাসি মানুষ ও গৃহপালিত পশু একসঙ্গে বসবাস করছে। বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশুখাদ্য ও গোখাদ্যের সঙ্কট দেখা দিয়েছে। ভেঙে পড়েছে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা। সব মিলিয়ে বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে। বন্যার পানিতে ভেসে গেছে জেলার প্রায় ৬ হাজার পুকুরের মাছ।
সিরাজগঞ্জ : যমুনা নদীর পানি বৃদ্ধি অপরিবর্তিত থাকলেও সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। শাহজাদপুর উপজেলার গোপালপুর রিংবাঁধ ভাঙনের স্থান দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করায় ভাটি এলাকায় নতুন নতুন অঞ্চল প্লাবিত হচ্ছে। বেলকুচি ও উল্লাপাড়ায় বন্যার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেলকুচি উপজেলার নাগগাতী গ্রামের আবদুল আওয়ালের ছেলে নিরব (৬), বওড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে হযরত আলী (৮) এবং বুধবার বিকালে উল্লাপাড়ার বাকুয়া গ্রামের আলামিন হোসেনের ছেলে ফাহিম হোসেন (২) বন্যার পানিতে ডুবে মারা যায়। বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন ও উল্লাপাড়া মডেল থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ বন্যার পানিতে ডুবে ৩ শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এদিকে যমুনা নদীর তীরবর্তী ৫টি উপজেলার নিম্নাঞ্চলের বন্যাকবলিত এলাকার বিভিন্ন স্থানে বিশুদ্ধ পানি ও জ্বালানি সংকটসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জের শাহজাদপুর, চৌহালী, বেলকুচি, কাজীপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি এখনও ভয়াবহ। বন্যাকবলিত এলাকার অনেক স্থানে এখনও ত্রাণ সামগ্রী না পৌঁছায় বিশেষ চর ও দুর্গম অঞ্চলের গরিব ও অসহায় পরিবারের লোকজন মানবেতর জীবনযাপন করছেন।
রংপুর : বন্যায় রংপুরে ৮ উপজেলার ৬ হাজার ৮৬৫টি পুকুর ও মৎস্য খামারের ২০ কোটি ২৭ লাখ টাকার মাছ ভেসে গেছে। রংপুর বিভাগের ৫ জেলায় এবারের বন্যায় ৩ হাজার ৯৯১ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত রয়েছে। নিমজ্জিত ফসলগুলো যাতে নষ্ট না হয় এবং নষ্ট হওয়া ফসলগুলো বাদ দিয়ে কৃষক যাতে দ্রুত অন্য ফসল লাগিয়ে মৌসুমকে কাজে লাগাতে পারে সে জন্য কৃষি বিভাগের কর্মীরা মাঠে কাজ করছেন।
সিলেট : সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বৃষ্টিপাত না হওয়ায় সুরমা-কুশিয়ারার পানি প্রবাহ কমলেও এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
লালমনিরহাট : তিস্তা নদীর পানি কমায় বৃহস্পতিবার লালমনিরহাটে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। তবে নিম্নাঞ্চলের ঘরবাড়িগুলো থেকে পানি ধীরগতিতে নামায় এসব এলাকার হাজার হাজার বানভাসি পরিবার এখনও দুর্ভোগের মধ্যে রয়েছে। তাদের মধ্যে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে। তবে বন্যার্ত পরিবার পুনর্বাসনে এবং দুর্ভোগ কাটিয়ে উঠতে সেনাবাহিনীর তিনটি টিম মাঠে কাজ করা অব্যাহত রেখেছে। তারা কবলিত এলাকার মানুষের চিকিৎসাসেবা ও ওষুধপত্র দিচ্ছেন।
মাদারীপুর : পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে ৮ সেন্টিমিটার। পানির তোড়ে মাদারীপুরের শিবচরের পদ্মাবেষ্টিত জনবিচ্ছিন্ন চরাঞ্চলের কাঁঠালবাড়ী ও চরজানাজাতসহ ৪ ইউনিয়নে ব্যাপক নদীভাঙন দেখা দিয়েছে।
নাটোর : লালপুরে পদ্মার পানির তীব্র স্রোতে ৪৫ মিটার সিসি ব্লক ধসে গেছে। নুরুল্লাপুর ও আকছেদ মোড় এলাকায় চারটি পয়েন্টে এ ধসের ঘটনা ঘটেছে। বাঁধ রক্ষার সিসি ব্লক ধসে পড়ায় হুমকির মুখে পড়েছে উপজেলার ছয় গ্রাম। জিও ব্যাগ দিয়ে ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করছে নাটোর পানি উন্নয়ন বোর্ড।
নওগাঁ : নওগাঁয় প্রতিদিন বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলা সদরের সঙ্গে আত্রাই উপজেলা ও নাটোর জেলা সড়কের যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
সংবাদ শিরোনাম
বিপর্যস্ত বানভাসিরা
-
Reporter Name - আপডেট টাইম : ০৫:২৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭
- ৫০৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ






















