হাওর বার্তা ডেস্কঃ বন্যায় দেশের ৯৬ উপজেলার ৬২৩ ইউনিয়নের সাত লাখ ৫২ হাজার ৩৪৯টি পরিবারের ৩৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত এই দুর্যোগে ৩৭ জনের মৃত্যু হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিবের চলতি দায়িত্বে থাকা মো. গোলাম মোস্তফা আজ বুধবার (১৬ আগস্ট) সচিবালয়ে নিজ কার্যালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
গোলাম মোস্তফা বলেন, দেশের উত্তরাঞ্চলের মানুষজন নদী পাড়ি দিতে এবং সাঁকো ব্যবহারে অভ্যস্ত নয়। তাদের অনেকে সাঁতারও জানেন না। এ কারণেই বেশির ভাগ মৃত্যু হয়েছে।
সচিব জানান, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীসহ উত্তরাঞ্চলের ২১টি জেলা বন্যাকবলিত। তিনি জানান, বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাতে মন্ত্রণালয়ে দুটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।
গোলাম মোস্তফা জানান, বন্যা প্রলম্বিত হলেও সরকারের পর্যাপ্ত প্রস্তুতি আছে। যথেষ্ট পরিমাণ ত্রাণ রয়েছে এবং তা সরবরাহ করা হবে। শুকনো খাবার বিতরণ অব্যাহত আছে।
Reporter Name 





















