প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম এবং নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশে সফররত চীন নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘থাং শান’ ও ‘দা ছিং’ পরিদর্শন করেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) চীনা নৌবাহিনী জাহাজ পরিদর্শন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চীনা দূতাবাসের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা, পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এছাড়াও, আঞ্চলিক সামুদ্রিক সহযোগিতা জোরদারের পাশাপাশি সামরিক প্রশিক্ষণ ও নৌ-সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর চীনা নৌবাহিনীর জাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ এবং ‘থাই হু’ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এ সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে।
একইসঙ্গে, এ ধরনের সফর ভবিষ্যতে যৌথ প্রশিক্ষণ, নৌ-নিরাপত্তা, সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিভিন্ন পেশাগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। এছাড়াও চীনা নৌবাহিনী জাহাজ বাংলাদেশের জলসীমা ত্যাগকালে যৌথ মহড়া PASSEX এ অংশগ্রহণ করবে।
Reporter Name 




















