শরৎ এলেই প্রকৃতিতে যেমন বদলে যায় রং, তেমনি রান্নাঘরেও শুরু হয় নানা মৌসুমি আয়োজন। পাকা তালের মিষ্টি সুবাস আর রসালো স্বাদ এই সময়ের খাবারে এনে দেয় আলাদা আমেজ। তাল দিয়ে তৈরি পিঠা বাঙালি ঘরের ঐতিহ্যবাহী খাবারগুলোর একটি। দাদি-নানিদের হাতের তাল পিঠার স্বাদে যেমন মিশে থাকে শৈশবের স্মৃতি, তেমনি আধুনিক রান্নাঘরে এর সঙ্গে যুক্ত হচ্ছে নতুন নতুন পরিবেশন ও স্বাদের বৈচিত্র্য।
তালের রস, চালের গুঁড়া, নারকেল, দুধ ও গুড়ের মতো সহজলভ্য উপকরণ দিয়ে তৈরি করা যায় নানা ধরনের সুস্বাদু পিঠা। ভাপা, ভাজা কিংবা দুধ-গুড়ের মিষ্টি স্বাদে তৈরি তাল পিঠা হতে পারে বিকালের নাশতা কিংবা অতিথি আপ্যায়নের আকর্ষণীয় পদ। এই মৌসুমে তাই তালের স্বাদে ঘরে তৈরি করে নিতে পারেন ভিন্নধর্মী কয়েকটি পিঠা।
কাপ কেক
উপকরণ : তালের ঘন রস ১ কাপ, ময়দা ১ কাপ, ডিম ২টি, চিনি আধা কাপ, সয়াবিন তেল আধা কাপ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, বেকিং পাউডার ১ চা চামচ, লবণ এক চিমটি।
প্রস্তুত প্রণালি : ডিম ও চিনি ভালোভাবে ফেটিয়ে এতে তেল ও তালের রস মেশাতে হবে। এবার আলাদা একটি পাত্রে ময়দা, গুঁড়া দুধ, বেকিং পাউডার ও লবণ নিয়ে সব উপকরণ একসঙ্গে মেশাতে হবে। কাপ কেকের মোল্ডে ব্যাটার ঢেলে ১৭০ ডিগ্রি সেলসিয়াসে ১৫-২০ মিনিট বেক করে নিতে হবে। ওভেন না থাকলে ঢাকনাযুক্ত প্যানে কম আঁচে তৈরি করা যায়। এতে সময় লাগবে ১ ঘণ্টার মতো। এরপর ওপর থেকে নারকেল কুচি, পেস্তা বা কাজুবাদাম ছড়িয়ে পরিবেশন করা যাবে ।
পাটিসাপটা রোল
উপকরণ : চালের গুঁড়া ১ কাপ, ময়দা হাফ কাপ, তালের রস চার ভাগের তিন কাপ, দুধ ১ কাপ, চিনি ২ টেবিল চামচ। পুরের জন্য : কোরানো নারকেল ১ কাপ, খেজুরের গুড় হাফ কাপ, এলাচ গুঁড়া সামান্য।
প্রস্তুত প্রণালি : চালের গুঁড়া, ময়দা, তালের রস ও দুধ দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। ননস্টিক প্যানে অল্প করে ব্যাটার ছড়িয়ে পাতলা ক্রেপের মতো তৈরি করে নিতে হবে। মাঝখানে নারকেল-গুড়ের পুর দিয়ে রোল করে নিতে হবে।
একটি পাটিসাপটা রোলকে ৩-৪ টুকরো করে কেটে সাজিয়ে নিতে হবে। পাশে নারকেল ক্রিম বা গুড়ের সস দিলে দেখতে অনেকটা ডেজার্ট প্লেটের মতো হবে।
মিনি পিঠা উইথ গুড়ের সস
উপকরণ : তালের রস ১ কাপ, চালের গুঁড়া ১ কাপ, ময়দা হাফ কাপ, কোরানো নারকেল হাফ কাপ, গুড় হাফ কাপ, বেকিং পাউডার হাফ চা চামচ, লবণ সামান্য।
প্রস্তুত প্রণালি : সব উপকরণ মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ছোট মাফিন বা মিনি পিঠার মোল্ডে অল্প অল্প করে ব্যাটার দিতে হবে। ভাপে ১৫-২০ মিনিট রান্না করে নিতে হবে। চাইলে অল্প তেলে ছোট ছোট পিঠার মতো ভেজেও নিতে পারেন।
গুড়ের সস : গুড় আধা কাপ, পানি চার ভাগের এক কাপ ও সামান্য এলাচ দিয়ে সসটি জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। ছোট একটি প্লেটে ৩টি মিনি তালের পিঠা রেখে ওপর থেকে গুড়ের সস ও নারকেল কুচি দিয়ে দিতে হবে। পাশে এক চামচ ঘন দই দিলে ডেজার্টের মতো মনে হবে।
রেসিপি দিয়েছেন পলি চৌধুরী
Reporter Name 
























