নতুন মুখ নয়, প্রশাসনের দুই শীর্ষ পদে থাকা কর্মকর্তার চুক্তির মেয়াদ বাড়তে পারে। চুক্তিতে আরও এক বছর মন্ত্রিপরিষদ সচিব থাকতে পারেন নাসিমুল গনি। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকেরও চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়তে পারে।
সরকারের একটি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। সোমবারই (১৭ আগস্ট) তাদের মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হতে পারে।
নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব। ১৬ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বে সরকার গঠনের একদিন আগে তিনি জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তার পদে দায়িত্ব নিয়েছিলেন। তার দুই বছরের চুক্তির মেয়াদ সোমবার শেষ হচ্ছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৭ আগস্ট অন্তবর্তী সরকার নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন্য বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। ১৮ আগস্ট তিনি রাষ্ট্রপতির কার্যালয়ে যোগ দেন। দুই বছরের জন্য তিনি এ নিয়োগ পেয়েছিলেন।
এরপর তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর তিনি সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের ১৪২ জনের মেধা তালিকায় নাসিমুল গনির অবস্থান ছিল ষষ্ঠ।
২০০৯ সালে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়।
২০২৪ সালের ১৭ আগস্ট এহছানুল হকও দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ পান। তিনি একদিন পর ১৮ আগস্ট সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে যোগদান করেন।
গত বছরের ১২ অক্টোবর এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়। তারও চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ সোমবার শেষ হচ্ছে।
Reporter Name 





















