রাতের যাত্রীদের ভোগান্তি কমাতে মেট্রোরেলের চলাচলের সময় আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী সেপ্টেম্বর থেকে রাতের মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট থেকে সর্বোচ্চ ৩০ মিনিট বাড়িয়ে রাত ১১টা পর্যন্ত করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।
বর্তমানে মতিঝিল থেকে উত্তরা অভিমুখে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ১০টায়। আর উত্তরা থেকে মতিঝিলের পথে শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৫০ মিনিটে।
এর আগে গত ৭ জুন থেকে রাতে দুই দিকেই মেট্রোরেলের চলাচল ২০ মিনিট করে বাড়ানো হয়। এতে যাত্রীসংখ্যা প্রায় ১০ হাজার বেড়েছে। তবে শেষ দিকের ট্রেনগুলোর মধ্যে ২০ মিনিট বিরতি থাকায় অতিরিক্ত ভিড় তৈরি হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে চলতি মাসের শেষ দিকে আরও দুটি ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ট্রেনের মধ্যবর্তী বিরতি কমে ৭-৮ মিনিটে নামতে পারে।
ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, রাতে সময় বাড়ানোর জন্য নতুন অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে। তাদের প্রশিক্ষণ আগামী ২৬ আগস্ট শেষ হওয়ার কথা। এরপর তাদের কাজে যুক্ত করা হবে।
বর্তমানে প্রতিদিন মেট্রোরেলে গড়ে সাড়ে চার লাখ যাত্রী চলাচল করেন। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ শেষ হলে যাত্রীসংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
Reporter Name 




















