মোটর সাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা আর নেতাকর্মীদের ঢলে উৎসবের রূপ নিল তাড়াইল
নিজস্ব প্রতিবেদক | হাওর বার্তাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক জিএম মুজিবুর রহমান ভূঁইয়া (সবুজ)-কে সংবর্ধনা জানাতে যেন মিলনমেলায় পরিণত হয় কিশোরগঞ্জের তাড়াইল। মোটর শোভাযাত্রা, ফুলের তোড়া, পুষ্পমাল্য এবং শত শত নেতাকর্মীর করতালি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো জনপদ। দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানটি রূপ নেয় এক প্রাণবন্ত রাজনৈতিক সমাবেশে।
উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত হোসেন সিদ্দিকী বিপ্লব-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক মর্তুজা আল কামাল মোস্তাক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিশোরগঞ্জে পৌঁছালে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান পানেল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ মিয়া, সাবেক সহ-সভাপতি আল মামুন এবং কটিয়াদী, পাকুন্দিয়া ও ইটনা উপজেলা যুবদলের নেতাকর্মীরা বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা, পুষ্পমাল্য ও ফুলের তোড়া দিয়ে আন্তরিক অভ্যর্থনা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই তাড়াইল উপজেলা যুবদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক জিএম মুজিবুর রহমান ভূঁইয়া সবুজসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরে শুভেচ্ছা বিনিময়, বক্তব্য এবং দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বক্তারা বলেন, জিএম মুজিবুর রহমান ভূঁইয়া সবুজের কেন্দ্রীয় নেতৃত্বে অন্তর্ভুক্তি শুধু তাড়াইল নয়, সমগ্র কিশোরগঞ্জের যুবরাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। তাঁর নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা যুবদলের সাংগঠনিক ভিত্তিকে আরও সুসংহত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানজুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগান, ফুলেল শুভেচ্ছা এবং মোটর শোভাযাত্রার বর্ণিল আয়োজনে তাড়াইল যেন উৎসবের আবহে রূপ নেয়। সংবর্ধনা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন।
Reporter Name 




















