হাওর বার্তা/নিজস্ব প্রতিবেদনঃ টাঙ্গাইলের কালিহাতীর কৃতী সন্তান, সাবেক ছাত্রদল নেতা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজীর আহমেদকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার ২৩ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন আইন, ২০১৩-এর ১২(২) ধারা অনুসারে বেনজীর আহমেদকে অন্যান্য পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বিসিকের চেয়ারম্যান পদে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
রাজনৈতিক ও পেশাগত পরিচয়ঃ
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বেনজীর আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন।
বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে টাঙ্গাইল জেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বেও তিনি সক্রিয় ছিলেন।
রাজনীতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন বেনজীর আহমেদ। তিনি টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তবে বিসিক চেয়ারম্যান পদে নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে তাঁকে অন্য যেকোনো পেশা বা ব্যবসার সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রাব্বানী প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।
দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান সম্প্রসারণে বিসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।
Reporter Name 




















