নিরাপত্তা জোরদার ও দর্শনার্থীদের তথ্য সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে অনলাইন নিবন্ধন (রেজিস্ট্রেশন) বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ব্যবস্থা আগামী ১ জুলাই থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এতদিন দর্শনার্থীরা পাস সংগ্রহ করে সচিবালয়ে প্রবেশ করতে পারলেও নতুন ব্যবস্থায় অনলাইন নিবন্ধন ছাড়া প্রবেশের সুযোগ থাকবে না। নিবন্ধন সম্পন্নকারী ব্যক্তিরাই কেবল ‘ওয়ান টাইম পাস’ বা এককালীন প্রবেশ অনুমতিপত্র গ্রহণ করতে পারবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, একজন নাগরিককে জীবনে মাত্র একবার অনলাইনে নিবন্ধন করতে হবে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী নাম, জন্মতারিখ ও অন্যান্য তথ্য যাচাইয়ের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নিবন্ধনের পর আবেদনকারীরা প্রয়োজন অনুযায়ী ওয়ান টাইম পাসের জন্য আবেদন করতে পারবেন।
এ লক্ষ্যে secpass.moha.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে হবে। প্রাথমিক তথ্য যাচাই শেষে আবেদনকারীকে ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। এরপর সচিবালয়ের ১ নম্বর গেটে স্থাপিত কিয়স্ক মেশিনের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম চূড়ান্ত করতে হবে।
কর্মকর্তারা জানান, নতুন এই ব্যবস্থার মাধ্যমে সচিবালয়ে আগত প্রতিটি দর্শনার্থীর তথ্য সফটওয়্যারে সংরক্ষিত থাকবে। ফলে কে কতবার সচিবালয়ে প্রবেশ করেছেন, তার পূর্ণাঙ্গ তথ্য সহজেই জানা যাবে। দর্শনার্থীদের মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত থাকায় নিরাপত্তা ব্যবস্থাও আরও কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রবেশের সময় দর্শনার্থীদের একটি পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান করা হবে, যা সচিবালয়ে অবস্থানকালে দৃশ্যমানভাবে গলায় ঝুলিয়ে রাখতে হবে। নির্ধারিত কাজ শেষে বের হওয়ার সময় কার্ডটি গেটে জমা দিতে হবে। কার্ড ফেরত না দিলে নিবন্ধন বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করেন। নতুন ব্যবস্থার ফলে এসব দর্শনার্থীর তথ্য স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে, যা নিরাপত্তা ও প্রশাসনিক তদারকিতে সহায়ক ভূমিকা রাখবে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন-১ অধিশাখা) মো. জসিম উদ্দীন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত সচিবালয়ে অফিস করছেন। তাঁর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সচিবালয়ে আগত ব্যক্তিদের তথ্য সংরক্ষণ জরুরি। এ কারণেই দর্শনার্থীদের জন্য অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে।”
Reporter Name 






















