রাজধানীর বহুমুখী সমস্যা সমাধানে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার ওপর জোর দিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক আবদুস সালাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আবদুস সালাম বলেন, ঢাকা বর্তমানে যানজট, জলাবদ্ধতা, বায়ুদূষণ, বর্জ্য ব্যবস্থাপনা সংকট এবং অপরিকল্পিত নগরায়ণের মতো জটিল সমস্যায় জর্জরিত। এসব সংকট নিরসনে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর করলে চলবে না; নাগরিকদের সচেতনতা, দায়িত্ববোধ ও প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ জরুরি।
তিনি উল্লেখ করেন, বিভিন্ন ক্ষেত্রে আইন ও নীতিমালা থাকলেও তা যথাযথভাবে অনুসরণ করা হয় না। ট্রাফিক আইন অমান্য, যেখানে-সেখানে ময়লা ফেলা, অবৈধ দখল ও অনিয়ন্ত্রিত নির্মাণ নগর সমস্যাকে আরও প্রকট করছে। নাগরিকরা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
প্রশাসক বলেন, সিটি করপোরেশন, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের সমন্বয় বাড়াতে হবে। এলাকাভিত্তিক কমিউনিটি উদ্যোগ, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং সচেতনতামূলক প্রচারণা জোরদারের মাধ্যমে নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা যেতে পারে।
রাজধানীকে বাসযোগ্য ও আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি তা বাস্তবায়নে সামাজিক অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকার একা সব করতে পারবে না; জনগণ এগিয়ে এলে ঢাকাকে বদলে দেওয়া সম্ভব।
Reporter Name 
























