রাশান শিল্পী পিটার কার্ল ফাবারজের বানানো শিল্পকর্ম ‘উইন্টার এগ’ নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে লন্ডনের ক্রিস্টিসে। গত মঙ্গলবার এই ডিমটি বিক্রি হয় ২২.৯ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি টাকায় যার মূল্য ৩৭০.৯ কোটি।
ক্রিস্টিস জানিয়েছে, এর বেশি দাম ফাবারজের আর কখনো কোনো শিল্পকর্মই পায়নি।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এই ডিমটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ক্রেতা কিনেছেন। এতে ভেঙে গেছে ২০০৭ সালে তৈরি হওয়া আগের রেকর্ড। ক্রিস্টিসের বিশেষজ্ঞ মার্গো ওগানেসিয়ান বলেন, এই ফলাফল আবারও প্রমাণ করে যে এই শিল্পকর্মের গুরুত্ব কতটা চিরন্তন।
১৯১৩ সালে তৈরি করা ‘উইন্টার এগ’ ফাবারজের সেরা শিল্পকর্মগুলোর একটি। এটি বানানো হয়েছিল রাশান জার নিকোলাস দ্বিতীয়ের নির্দেশে। তিনি এটি উপহার দেন তার মাকে। ডিমটি একসময় রুশ রাজপরিবারের সংগ্রহে ছিল।
রক ক্রিস্টাল থেকে ডিমটি খোদাই করা। উচ্চতা মাত্র ৮.২ সেন্টিমিটার। এতে আছে প্রায় ৪ হাজার ৫০০ হীরকখণ্ড। এর মধ্যে রয়েছে রোজ-কাট পাথরও। এছাড়া প্লাটিনামের তুষারফুলের নকশা আছে। ডিমটি খুললে ভেতরে দেখা যায় সাদা কোয়ার্টজ দিয়ে বানানো ছোট ফুলের ঝুড়ি।
Reporter Name 

























