আলোর পথে ফিরলেন ঠাকুরগাঁও সীমান্তে চোরাকারবারিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকা প্রায় অর্ধশত ভুলপথে থাকা মানুষ। ঠাকুরগাঁও ৫০ বিজিবির কাছে আত্মসমর্পণ করেছেন তারা। সীমান্তে শৃঙ্খলা ফেরাতে এদের ফেরাকে অনেক বড় অর্জন হিসেবে দেখছেন স্থানীয়রা।
রোববার (২৭ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আটঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন এই ৫০ জন চোরাকারবারি। এ সময় ঠাকুরগাঁও ৫০-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদসহ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, আত্মসমর্পণকারীরা সীমান্তে চোরাকারবারসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিলেন। সীমান্তবর্তী গ্রামের অধিকাংশ লোকই দরিদ্র। রোজগারের আশায় গরু থেকে শুরু করে নানা রকমের মালামাল অবৈধভাবে আনা নেওয়ার কাজই ছিল এসব নারী-পুরুষের একমাত্র পেশা। সীমান্তের সেই মানুষগুলো এখন বিজিবি ৫০ ব্যাটালিয়নের বহুমুখি তৎপরতায় আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন।
গেদুরা এলাকার স্কুল শিক্ষক নজরুল ইসলাম বলেন, চোরাচালানের সঙ্গে জড়িতরা এখন বিজিবির সহায়তায় সঠিক পথে আসায় এলাকায় স্বস্তি ফিরেছে। তবে চোরাচালান নির্মূলের জন্য এসব প্রান্তিক নারী-পুরুষের আর্থসামাজিক উন্নয়নে সরকারকে এগিয়ে আসতে হবে।
৫০-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, চোরাকারবারি পেশা পরিত্যাগ করে স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্যে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে লিখিত অঙ্গীকারনামা করেন এই ৫০ জন। তাদেরকে অবৈধ অনুপ্রবেশ ও শূন্য লাইন অতিক্রম করা থেকে বিরত থাকার জন্য আহবান জানানো হয়েছে।
Reporter Name 























