হাওর বার্তা ডেস্কঃ ফিনল্যান্ডে পাঁচ দিনের সরকারি সফর শেষে শনিবার (০৮ জুন) দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা পৌনে ১১টায় ঢাকায় পৌঁছাবেন তিনি।এটি ছিল প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফরের তৃতীয় ও চূড়ান্ত সফর। কাতার এয়ারলাইন্সের একটি বিমান ফিনল্যান্ড সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে কাতারের রাজধানী দোহার উদ্দেশে হেলসিংকি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সুইডেনে বাংলাদেশ রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
বিমানটি স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে কাতারের দোহা হামাদ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে। দোহায় যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে শনিবার ভোরে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি শনিবার বেলা পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
প্রধানমন্ত্রী গত ২৮ মে ত্রিদেশীয় সফরের প্রথম গন্তব্য জাপানের রাজধানী টোকিও যান। জাপানে চারদিন অবস্থানকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আড়াই বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় চুক্তিসহ ৪০টি ওডিএ চুক্তি স্বাক্ষর করেন। এরপর সৌদি আরবে তিন দিনের সফর শেষে শেখ হাসিনা গত ৩ জুন হেলসিঙ্কি পৌঁছান।
ফিনল্যান্ডে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ জুন ফিনিস প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে এক বৈঠকে মিলিত হন এবং ৫ জুন অল ইউরোপিয়ান আওয়ামী লীগ ও ফিনল্যান্ড আওয়ামী লীগ তার সম্মানে আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেন।
Reporter Name 





















